মানুষ আ. লীগকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, মানুষ আওয়ামী লীগকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এটি উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে। এখন সাধারণ মানুষ ঘৃণাভরে আওয়ামী লীগের নাম উচ্চারণ করে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। কবি মাহমুদুল হাসান নিজামী তাঁর কবিতার বইটি মির্জা ফখরুলকে উত্সর্গ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার উপজেলা নির্বাচন নিয়ে কঠোর হওয়ার কথা বলেছেন উল্লেখ করে মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, যাঁরা ভোট দিতে যাবেন, তাঁরা যাতে ভোট দিতে না পারেন, সে ব্যবস্থা করবেন? আর যাঁরা ভোট ছিনতাই করেন, তাঁদের জন্য ভোট ছিনতাইয়ের ব্যবস্থা করে দেবেন?
বিএনপির এই নেতা অভিযোগ করেন, সব উপজেলায় আওয়ামী লীগ সহিংসতা করেছে, কিন্তু নির্বাচন কমিশন কিছু করেনি। তিনি বলেন, এই রাষ্ট্র পুরোপুরি স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। এখন কোনো কিছু স্বাধীনভাবে লিখতে গেলে বা বলতে গেলে বিপদের সম্মুখীন হতে হয়, জেলে যেতে হয়। এখন বিএনপি যে লড়াই লড়ছে তা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বলে তিনি মন্তব্য করেন।