মানুষ আমার স্বজন, পৃথিবী স্বদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নতুন কবিতার নতুন সুরে উৎসব হবে প্রাণময়’ স্লোগানে গতকাল শুক্রবার পাবনার সাহিত্যবিষয়ক সংগঠন মহীয়সী সাহিত্য আড্ডার কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘সব সময় মনে রাখতে হবে, মানুষ আমার স্বজন, পৃথিবী আমার স্বদেশ। আমরা যেন বিস্মৃতপরায়ণ না হই, আমরা যেন পৃথিবীকে চেটেপুটে না খাই। সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘মফস্বলের মানুষ বলে নিজেকে কখনোই ছোট ভাবা যাবে না। কীভাবে বেঁচে আছি, কত অসমতা নিয়ে বেঁচে আছি, তা নিয়ে লিখতে হবে। বিদেশি সংস্কৃতিকে অনুকরণ না করে নিজের শিকড়কে অনুসরণ করতে হবে।’
পাবনা জেলা পরিষদ (রশিদ হল) মিলনায়তনে বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন পাবনার অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারী শিল্পোদ্যোক্তা কবি সোহানী হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহীয়সী সাহিত্য আড্ডার সভাপতি রেহানা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের কবি ও প্রাবন্ধিক হরিদাস ঠাকুর, সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কবি খৈয়ম কাদের, কবি গোলাম রব্বানী ও কবি এস এ করিম।
দিনব্যাপী উৎসবে পাবনা, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহসহ দেশের ৩০টি জেলার দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেন।