ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ বলেছেন, মানুষ নিজে উন্নয়নে উদ্যোগী না হলে চাপিয়ে দিয়ে কিছু করা যায় না। এলাকার যেকোনো উন্নয়নে প্রথমে এলাকাবাসীকেই এগিয়ে আসতে হবে। ফজলে হাসান আবেদ নাইট উপাধিতে ভূষিত হওয়ায় গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় তিনি ওই কথা বলেন।হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি চৌধুরী আবদুল হাইয়ের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুনবী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর আসনের সাবেক সাংসদ আবু লেইছ মোহাম্মদ মুবিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনোয়ার আলী, আওয়ামী লীগের নেতা শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ। এর আগে সকালে হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফজলে হাসান আবেদকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার মুক্তা ডি টোমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন প্রমুখ। এ সংবর্ধনা শেষে ফজলে হাসান বানিয়াচং এলআর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন। দুপুরে তিনি কামালখানী গ্রামে পৈতৃক ভিটায় যান।