মানুষ এখন আন্দোলন চায় না: তোফায়েল
বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দেশে স্থিতিশীলতা বিরাজ করছে। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে চলেছে। ফলে মানুষ এখন আর আন্দোলন চায় না।
আজ রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর আলমের চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তোফায়েল এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘এখন তারা (বিএনপি) বাস্তবতা বুঝে গেছে। এ জন্য বলছেন কোরবানির ঈদের পর আন্দোলন করবেন। আমরা সবদিক থেকে এখন এগিয়ে। রিজার্ভ, রেমিট্যান্স সবকিছু বেড়েছে। সব দিক থেকে আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে। মানুষ এখন আর আন্দোলন চায় না।’ তিনি দাবি করেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ বাস ও লঞ্চে করে বাড়ি গেছে এবং ফিরে এসেছে। শুধু একটি লঞ্চ দুর্ঘটনায় পড়েছে।
এস এম জাহাঙ্গীরের ‘মানবতা বিরোধী অপরাধ’ বইয়ের সূত্র ধরে তোফায়েল আহমেদ বলেন, ‘একাত্তরে নয় আজও মানবতাবিরোধী অপরাধ চলছে। ঘুম থেকে উঠে আমরা রক্তের উত্তরাধিকার বাচ্চাদের আদর করি। আর প্যালেস্টাইনের গাজায় সেই শিশুদের প্রতিদিন মারা হচ্ছে।’ বিএনপি প্যালেস্টাইন ইস্যুতে কথা না বলছে না বলেও দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তোফায়েল বলেন, ‘কারা ইসরাইলিদের সমর্থন করছে, সাহায্য করছে এটা আমরা জানি। তারা আমাদের নির্বাচন নিয়ে কথা বলেন। কিন্তু গাজা নিয়ে, মিসর নিয়ে তারা কথা বলেন না। আমাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করি। অথচ তারা সুযোগ না দিয়েই সেটা নিয়ে কথা বলেন।’
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন। ‘ভয়াবহ গ্রেনেড হামলা, ২১ আগস্ট’; ‘মানবতা বিরোধী অপরাধ’; ‘বঙ্গবন্ধুর মর্মকথা ও মটিভেশন অ্যাক্টিভিটিস ফর দি ট্যাক্স পেয়ার্স’ নামের চারটি বইয়ের লেখক এস এম জাহাঙ্গীর আলম।