মানুষ ও দেশের সঙ্গে শত্রুতার রাজনীতিকে ধিক্কার
মানুষ ও দেশের সঙ্গে শত্রুতার রাজনীতিকে ধিক্কার জানানোর আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারের তিনজন মন্ত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের’ প্রতিবাদে আওয়ামী লীগের জনসভায় অর্থমন্ত্রী, রেলমন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এক মঞ্চে বক্তব্য দেন। তাঁরা সিলেটে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার ঘটনাসহ দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম আলোয় প্রকাশিত খবরকে উদ্ধৃত করে বলেন, ‘সিলেটে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা গাড়ি পুড়িয়ে নির্মমভাবে এক ব্যক্তিকে হত্যা করেছে। গাড়ির যাত্রীরা ওই ব্যক্তিকে বাঁচাতে আসলে দুর্বৃত্তরা ওদের বাধা দিয়ে বলে, “যে আগাইবা, তারে ধরে আগুনে ফেলব”। আমি প্রশ্ন রাখি—এটা কোন ধরনের রাজনীতি? মানুষ ও দেশের সঙ্গে শত্রুতার এই রাজনীতি করাকে আমি ধিক্কার জানাই।’সিলেট সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সাংসদ এম এ মান্নান।দীর্ঘ বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, ‘২০০২ সালে আমি সর্বপ্রথম টিপাইমুখ বাঁধ নিয়ে সুরমা নদীতে প্রতিবাদ জানিয়ে কর্মসূচি করেছিলাম। আমি জানি, এ বাঁধ নির্মিত হলে আমাদের কতটুকু ক্ষতি হবে। তাই টিপাইমুখ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’অর্থমন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমলেই জামায়াতের রাজনীতি শেষ হয়ে গিয়েছিল। সেই রাজনীতিকে ফিরিয়ে এনেছিলেন জিয়াউর রহমান। তিনি ছিলেন জামায়াতের প্রতিষ্ঠাতা। স্বাভাবিক কারণেই খালেদা জিয়া এখন জামায়াতের নেত্রীর ভূমিকায় কাজ করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মানবতাবিরোধীদের বিচার সম্পাদন আমরা করবই। শেখ হাসিনা লুটপাট, সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজনীতি থেকে দেশকে মুক্ত করেছেন।’প্রধান বক্তার বক্তব্যে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এই সিলেটের মাটি বারবার রক্তে রঞ্জিত হয়েছে। গ্রেনেডের আঘাতে রঞ্জিত হয়েছে শাহজালাল দরগাহের পবিত্র মাটি। তাই গত নির্বাচনে গুনে গুনে মেপে মেপে বিভাগের সব কটি আসনে আওয়ামী লীগকে বিজয়ী করে ওই অপশক্তির বিরুদ্ধে জনগণ প্রতিবাদ জানিয়েছে। গত নির্বাচনের পর আমরা ভেবেছিলাম, বিএনপি-জামায়াত হাতজোড় করে জনগণের কাছে মাফ চেয়ে নতুনভাবে রাজনীতি শুরু করবে। কিন্তু তারা তা করেনি। হাওয়া ভবনের দুর্নীতির মজা তারা ভুলতে পারেনি।’সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপি-জামায়াতের রাজনীতি আমরা বুঝি। ভারতবিরোধিতাই তাদের রাজনীতির পুঁজি। টিপাইমুখ বাঁধ হলে কী ক্ষতি হবে, তা আমরা বুঝি। এটা আমাদের বোঝাতে হবে না। বিএনপি-জামায়াত এখন লংমার্চ-শর্টমার্চ করে, হরতাল দেয়। আবার ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠিও দেয়। আমি বলি, এই বয়সে আপনি এখন চিঠিপত্র লেখাও শুরু করে দিলেন নাকি? ভারতের আস্থা অর্জন করতে গিয়ে চিঠিও দেন, আবার হরতাল দিয়ে সিলেটবাসীকে ব্লাফ দিতে চান? একসঙ্গে দুইটা হবে না। সিলেটবাসীকে বোকা ভাইবেন না।’রেলওয়ের উন্নয়ন প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘আমি পানির মানুষ, নেত্রী রেলে পাঠাইছেন। রেলগাড়ির চেয়ে গরুর গাড়ি এখন আগে চলে। আমার চেষ্টা থাকবে, রেলগাড়ি যেন সবার আগে চলে। সিলেটে এখন পাঁচটি রেল চলছে, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সিলেট থেকে আরও একটি রেল চলবে।’বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, ‘দেশ এক চরম ক্রান্তিলগ্নে উপস্থিত হয়েছে। সেই পুরোনো হায়েনাদের দল মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। জঘন্যতম প্রক্রিয়ায় অশান্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি বিএনপি-জামায়াত চক্র তৈরি করতে চাইছে। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। নতুন প্রজন্মকে এগিয়ে এসে নিজেদের দেশকে নিজেরাই সোনার বাংলায় রূপান্তর করার জন্য এখনই কাজ শুরু করতে হবে।’