মানুষ ও পুলিশ হত্যার জন্য একদিন বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। গতকাল রোববার ঢাকার কামরাঙ্গীরচরের কোম্পানিঘাট মাঠে আয়োজিত জনসভায় তিনি এই ভোট চান। এ সময় তাঁর পাশে ছিলেন স্থানীয় সাংসদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টার অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘আপনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান। জামায়াতকে রক্ষার জন্য হরতাল দেন। মানুষ হত্যা করেন। কিন্তু এ বিচার বন্ধ করতে পারবেন না। বরং মানুষ হত্যা ও পুলিশ হত্যার জন্য একদিন আপনার ও আপনার ক্যাডারদের বিচার হবে।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীরা স্বাধীনতার কলঙ্ক। আমরা এই কলঙ্কের কালিমা মুছে ফেলতে চাই। একজনের রায় হয়েছে। ইনশা আল্লাহ এই বিচার সম্পন্ন করতে পারব।’স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় দেখা গেছে নির্বাচনী আমেজ। প্রধানমন্ত্রী আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে সমবেত জনতাকে দুই হাত তুলে ওয়াদা করার অনুরোধ করেন। মুহূর্তে হাজারো কণ্ঠ ‘নৌকা’, ‘নৌকা’ বলে স্লোগান দেয়।প্রধানমন্ত্রী কামরাঙ্গীচর এলাকাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেন। তিনি একটি মাধ্যমিক ও তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পুলিশের জন্য গাড়ি দেন।শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছিলেন। কিন্তু ’৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে এ বিচার বন্ধ করে দেন। যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে তাদের রাজনীতিতে পুনর্বাসন করেন। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। এখন তাদের বাঁচাতে রাজপথে আন্দোলন করেছেন।প্রধানমন্ত্রী মহাজোট সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, ‘নৌকায় ভোট দিলেই মানুষ কিছু পায়। এই নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। আজকে উন্নয়ন পাচ্ছেন।’নিবন্ধের জন্য খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন আশরাফ: জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ওয়াশিংটন টাইমস-এ লেখা খালেদা জিয়ার নিবন্ধের কড়া সমালোচনা করে তাঁকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খালেদা জিয়া ওয়াশিংটন টাইমস-এ যা লিখেছেন, তা জাতির জন্য আত্মহত্যার শামিল। নিবন্ধে তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের তৈরি পোশাক না নিতে এবং দেশে রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র তৈরি পোশাক না নিলে দেশের লাখ লাখ নারী শ্রমিকের কাজ বন্ধ হয়ে যাবে।সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা গর্বিত জাতি। কারও দয়ায় দেশ স্বাধীন করিনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কোনো দেশপ্রেমিক অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ কামনা করতে পারে না। এটা রাষ্ট্রদ্রোহিতা।’ তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি আমার শত্রু নন, রাজনৈতিক প্রতিপক্ষ। আসুন, আমরা রাজনৈতিক বিশ্বাসের প্রতিযোগিতা গ্রহণ করি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সমাধান দেশের জনগণ ও রাজনীতিকেরাই করবেন। আপনার নিবন্ধ রাজনৈতিক সমাধান দেবে না।’খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আপনি কী চান দেশ যুক্তরাষ্ট্রের উপনিবেশ হোক? আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। যুক্তরাষ্ট্রসহ যত ক্ষমতাশালী রাষ্ট্রই হোক, কাউকে খবরদারি করতে দেব না।’স্থানীয় সাংসদ কামরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন, ফজলে নূর তাপস, বেনজির আহমেদ, নসরুল হামিদ, মোল্লা আবু কাওছার, বদিউজ্জামান প্রমুখ।