মানুষ ও সম্প্রদায়গত ভেদাভেদ দূর করার আহ্বান সন্তু লারমার
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, মানুষ ও সম্প্রদায়গত ভেদাভেদ দূর করা না গেলে পার্বত্য চট্টগ্রামের শিশু ও কিশোরদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। দারিদ্র্য মানুষের বৈষম্য সৃষ্টির প্রধান কারণ বলে তিনি উল্লেখ করেন।গতকাল মঙ্গলবার জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বিশ্বশিশু পরিস্থিতি ২০১১ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিসেফের পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার আঞ্চলিক ব্যবস্থাপক ইন্দ্রলাল সিং। সন্তু লারমা আরও বলেন, শিশুর ভবিষ্যৎ নিরাপত্তার জন্য প্রয়োজন বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক সুশাসনব্যবস্থা। দুঃখজনক হলেও দেশের স্বাধীনতার ৪০ বছরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়নি। প্রতিষ্ঠা হয়নি সুশাসন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিশ্বজিৎ ভট্টাচার্য, সিভিল সার্জন মনিষা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের পরিচালক জাকির হোসেন মণ্ডল। পরে প্রকাশনা উপলক্ষে আয়োজিত শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।