মানুষ কষ্টের মধ্যে এবারের ঈদ করছেন: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই সরকারের আমলে দেশের মানুষ ভালো নেই। মানুষ কষ্ট ও বিপদের মধ্যে এবারের ঈদ উদ্যাপন করছেন। গত শনিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ঈদ-শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে দেশের অবস্থা তুলে ধরতে গিয়ে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি ওমরাহ করতে গিয়েছিলাম। সেখানে প্রবাসী বাংলাদেশিরা আকামা নবায়নের অনুমতি পাচ্ছেন না। তাঁরা কষ্টের মধ্যে দিন যাপন করছেন।’ তিনি এসব সমস্যা দ্রুত সমাধানে ব্যবস্থা নিতে সরকারকে তাগিদ দেন। নিজের কারামুক্তির দ্বিতীয় বর্ষপূর্তির দিন (১১ সেপ্টেম্বর) সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে খালেদা জিয়া বলেন, ‘দুই বছর আগে আমি এই দিনে মুক্তিলাভ করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে, সে সময়ের সরকারের যে আচরণ দেখেছি, এখনো সরকারের ওই আচরণ দেখছি।’এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘বিদেশে চিকিৎসাধীন তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো খুব কষ্টে আছে। ব্যথায় কষ্ট পাচ্ছে তারা। এ জন্য তাদের দীর্ঘ চিকিৎসা চলছে।’ঈদের দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে খালেদা জিয়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ্ বিন নাসের আল বুসাইরি, কূটনৈতিক কোরের ডিন ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, ভারতের হাইকমিশনার রজিত মিত্তাল ও পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশি উল্লেখযোগ্য।কূটনৈতিকদের পর্ব শেষে দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, আইনজীবীরা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিএনপির চেয়ারপারসন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করেন।