মানুষ কেন শেষ সময়ে হাসপাতালে আসে

শুধু ঢাকা শহর নয়, প্রায় সারা দেশের হাসপাতালগুলোতে এখন ডায়রিয়া ও কলেরা রোগীর ভিড় বাড়ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের ধারণক্ষমতার বেশি রোগী আসায় অতিরিক্ত শামিয়ানা টানিয়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি হাসপাতালে
ছবি: প্রথম আলো

পরিবারের সবচেয়ে ছোট শিশুটি ঢাকা শিশু হাসপাতালে ভর্তি। কোনো সাড়া দিচ্ছে না, প্রস্রাব বন্ধ, কাঁদলে চোখ দিয়ে পানি গড়ায় না, চোখ কোটরের মধ্যে কিছুটা ঢুকে গেছে। মাথায় বাটারফ্লাই সুই বসিয়ে কোনোমতে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করতে পেরেছেন নিরলস স্বাস্থ্যকর্মী। এই শিশুই সারা বাড়ি মাথায় করে রাখত, এখন তার মাথা ফুটো করে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।

রাজধানীর শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতাল, মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) হাসপাতালে ঠাঁই পাওয়া কঠিন। এটা শুধু ঢাকার সমস্যা নয়। প্রায় সারা দেশের হাসপাতালে এখন ডায়রিয়া ও কলেরা রোগীর ভিড় বাড়ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা আছে ৩০টি। ৩ এপ্রিল সেখানে ১৯৫ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। এটা শয্যার তুলনায় সাড়ে ছয় গুণ বেশি। গত মাসে (মার্চ) সেখানে ১ হাজার ৮৫৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে। রোগী সামলাতে অন্য ওয়ার্ড থেকে পাঁচজন সিনিয়র স্টাফ নার্স আনা হয়েছে। তাঁরা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।

সিলিন্ডার গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে গ্যাসের পানি ফুটিয়ে খাওয়া এখন বিলাসিতা মাত্র। পানি ফুটানো দূরে থাক, অনেক পরিবার গ্যাসের খরচ নাগালের মধ্যে রাখার জন্য কয়েক দিনের রান্না একবারে করে রাখছে আর কোনোমতে একটু গরম করে খাওয়ার কাজ সেরে নিচ্ছে। বাসি খাবার ভালো করে গরম না করলে সেটা স্বাস্থ্যসম্মত হয় না।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে ফেব্রুয়ারি মাসে ডায়রিয়া রোগীর সংখ্যা ১ হাজার ৮১০ জন থাকলেও মার্চে তা একলাফে হয়ে যায় ৫ হাজার ৬৫২ জন। বেশি রোগী ভোলা জেলায়। দ্বিতীয় স্থানে আছে পটুয়াখালী। মৃত্যুর খবর এসেছে লক্ষ্মীপুর ও কক্সবাজার থেকে। এ পর্যন্ত (জানুয়ারি থেকে মার্চ) শুধু সরকারি হাসপাতাল ও আইসিডিডিআরবিতে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা কম করে সাড়ে চার লাখের বেশি হবে।

চট্টগ্রামেও ডায়রিয়া রোগী বাড়ছে। সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্থানীয় সিভিল সার্জনের কার্যালয় মাঠপর্যায়ে সক্রিয় পদক্ষেপ নিয়েছে। ডায়রিয়া মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ের মেডিকেল টিম পুনর্গঠন ও সচল করার ব্যবস্থা করা হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি করে মেডিকেল টিম পুনর্গঠনের কথা বলা হয়েছে। গঠিত মেডিকেল দলের নাম, ফোন নম্বরসহ তথ্য জেলা নিয়ন্ত্রণকক্ষে সরবরাহের জন্য বলা হয়েছে।

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন দিন–রাত। তাঁদের শুধু একটাই আরজি, একেবারে শেষ সময়ে মানুষ হাসপাতালে না এসে একটু আগে এলে এত জটিলতা হয় না।

মানুষ কখন হাসপাতালে যায়

এমনিতেই ডাক্তার–বদ্যি, হাসপাতাল মানুষ এড়িয়ে চলতে পছন্দ করে। তার নানা যুক্তিগ্রাহ্য ও অযৌক্তিক কারণ আছে। কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রে কারণটা একটু ভিন্ন। পাড়ার মুদিদোকানে সহজেই নির্ভরযোগ্য ‘ওআরএস’ বা খাওয়ার স্যালাইন পাওয়া যায়; একটু নিয়ম করে সেটা ব্যবহার করলে পানিশূন্যতা নিয়ন্ত্রণে চলে আসে। তাই প্রথম ধাক্কায় কেউ আর হাসপাতালের ঝামেলায় যেতে চায় না। একেবারে বেসামাল হলেই মানুষ ডায়রিয়ার রোগীকে হাসপাতালে নেওয়ার কথা ভাবে। এসব কারণে ডায়রিয়ার প্রকৃত চিত্র পাওয়া কঠিন।

তবে কি ‘ওআরএস’ কাজ করছে না

খাওয়ার স্যালাইন তৈরি, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় মানরক্ষা ঠিকমতো হয় না। অনেকেই পুরো প্যাকেট একবারে না গুলিয়ে রেখে দেন, পানির পরিমাণে রকমফের করেন। গুলিয়ে রাখা স্যালাইন কতক্ষণ রাখা যাবে, সে ব্যাপারেও সবাই সমান ওয়াকিবহাল নন। অনেকে মনে করেন, বেশি স্যালাইন খাওয়ালে শিশুর ঠান্ডা লাগবে। মনে রাখা দরকার, স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে তৈরি স্যালাইনের সঙ্গে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নেই।

অনেকেই বলেন, স্যালাইন দিচ্ছি কিন্তু পায়খানা তো বন্ধ হচ্ছে না। স্যালাইনের কাজ পায়খানা ঠিক করা নয়, শরীরের লবণ–পানির মাত্রা নিয়ন্ত্রণে রাখা। আবার একটি শিশু পাতলা পায়খানা হলেই ইচ্ছেমতো স্যালাইন খাবে, তা–ও ঠিক নয়। কী পরিমাণে ও কতবার খাওয়ার স্যালাইন খাবে, সেটা চিকিৎসক ঠিক করে দেবেন বাচ্চার ওজন এবং পানিশূন্যতার মাত্রা দেখে। তবে সাধারণভাবে বলা যায়, শিশুর ডায়রিয়া হলে প্রতিবার পায়খানার পর শিশুর যত কেজি ওজন, তত চা–চামচ বা যতটুকু পায়খানা হয়েছে, আনুমানিক সেই পরিমাণ খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে। শিশু বমি করলে তাকে ধীরে ধীরে বারবার খাওয়াতে হবে, যেমন তিন বা চার মিনিট পরপর এক চামচ করে খেতে দিতে হবে। খাওয়ার স্যালাইনের পাশাপাশি দুই বছরের কম বয়সী শিশু অবশ্যই মায়ের দুধ খাবে। রোগীকে কোমল পানীয় বা প্যাকেটজাত ফলের রস বা আঙুর–বেদানা খাওয়ানো যাবে না।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর তথ্য দেখে আমরা বলছি, ঢাকার যাত্রাবাড়ী, মুগদা, শনির আখড়া, মানিকনগর, উত্তরখান, দক্ষিণখান, কড়াইল, মিরপুর ও মোহাম্মদপুরে বেশি আক্রান্ত। একইভাবে নারায়ণগঞ্জের পাইকপাড়া, জলারপাড়, বাবুরাইল, নিতাইগঞ্জ, নয়াবাজারে ডায়রিয়া বেশি।

জীবন বাঁচাতে যে রকম খাওয়ার স্যালাইন নিয়ে প্রচারণা চালানো হয়, ঠিক তেমন প্রচারণা চালানো দরকার সঠিক নিয়মে স্যালাইন বানানোর গুরুত্বের ওপর। ডায়রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে সব গণমাধ্যমকে তাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই এ কাজে এগিয়ে আসা উচিত। বাড়িতে তৈরি চালের গুঁড়ার স্যালাইনও ভালো কাজ করে। আইসিডিডিআরবি উদ্ভাবিত এ স্যালাইন বাড়িতে বানানো অনেক সহজ ও নিরাপদ। এ বিষয়েও প্রচারণা বাড়াতে হবে।

এবারের ডায়রিয়া কি অন্য রকম

ভিবরিও কলেরি নামের ব্যাকটেরিয়া থেকে কলেরা বা তীব্র ডায়রিয়া ছড়ায়। আইসিডিডিআরবি প্রথম থেকেই মোট রোগীর ২৩ শতাংশ কলেরার রোগী বলে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে।

প্রথম আলোর প্রতিনিধি আইসিডিডিআরবি ও আইইডিসিআরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছেন, এবার যেসব রোগী হাসপাতালে চিকিৎসার জন্য আসছে, তাদের মধ্যে কিছু রোগীর শরীরে তীব্র পানিশূন্যতা দেখা যাচ্ছে। কিছু রোগীর পানিশূন্যতা আংশিক। আবার কিছু রোগী ডায়রিয়ায় আক্রান্ত হলেও পানিশূন্যতা দেখা যাচ্ছে না।

ক্রমে শিশু রোগীর সংখ্যা বাড়লেও শুরুতে ঢাকা ও নারায়ণগঞ্জে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা বেশি ছিল। তবে মহানগরের বাইরে শিশু রোগীর চাপ বরাবরের মতো বেশি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে কি ডায়রিয়ার সম্পর্ক আছে

রাজধানীতে বেশির ভাগ এলাকার পানিই ফুটিয়ে পান করতে হয়। বাড়ি বাড়ি গ্যাস–সংযোগ থাকায় একসময় পানি ফুটিয়ে পান করা সহজ ছিল। ঢাকায় ২০০৯ সালে সরকার আবাসিকে গ্যাস–সংযোগ বন্ধ করে দেয়। এরপর ২০১৩ সালের শেষের দিকে আবারও আবাসিকের সংযোগ চালু হয়। কিন্তু ২০১৪ সালে আবার তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে রাজধানীসহ পাশের এলাকায় যেসব নতুন ভবন নির্মিত হয়েছে, সেগুলোয় গ্যাস–সংযোগ নেই। এসব ভবনের বাসিন্দারা মূলত সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল। সিলিন্ডার গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে গ্যাসের পানি ফুটিয়ে খাওয়া এখন বিলাসিতা মাত্র। পানি ফুটানো দূরে থাক, অনেক পরিবার গ্যাসের খরচ নাগালের মধ্যে রাখার জন্য কয়েক দিনের রান্না একবারে করে রাখছে আর কোনোমতে একটু গরম করে খাওয়ার কাজ সেরে নিচ্ছে। বাসি খাবার ভালো করে গরম না করলে সেটা স্বাস্থ্যসম্মত হয় না।

রোগাক্রান্ত এলাকার হিসাব কতটুকু ঠিক

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর তথ্য দেখে আমরা বলছি, ঢাকার যাত্রাবাড়ী, মুগদা, শনির আখড়া, মানিকনগর, উত্তরখান, দক্ষিণখান, কড়াইল, মিরপুর ও মোহাম্মদপুরে বেশি আক্রান্ত। একইভাবে নারায়ণগঞ্জের পাইকপাড়া, জলারপাড়, বাবুরাইল, নিতাইগঞ্জ, নয়াবাজারে ডায়রিয়া বেশি। স্বাভাবিকভাবে কলেরাকে নিয়ন্ত্রণে আনার জন্য পানি পরীক্ষার কথা উঠলে এ জায়গাগুলো অগ্রাধিকার পাবে। তবে কিছু এলাকা বাদ পড়তে পারে। যেমন কুলসুম বেগম কড়াইল বস্তিতে থাকলেও তাঁর সকাল–সন্ধ্যা কাটে বারিধারায়। তাঁর আগে গৃহকর্ত্রীকে ডায়রিয়ার চিকিৎসা নিতে হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তিন দিন ছিলেন ওই গৃহকর্ত্রী। আর মহাখালীতে আমজনতার হাসপাতাল থেকে গতকাল ছাড়পত্র পেয়েছেন কুলসুম। ঢাকার বেসরকারি হাসপাতালেও ডায়রিয়া রোগী কম নয়।

কলেরা কন্ট্রোল প্ল্যানের হালহকিকত কী

বিশ্বকে ২০৩০ সালের মধ্যে কলেরামুক্ত করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দিকনির্দেশনায় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা ‘কলেরা কন্ট্রোল প্ল্যান ২০১৯-৩০’ গ্রহণ করে। এ পরিকল্পনায় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কলেরা নিয়ন্ত্রণে টিকা প্রয়োগকে গুরুত্ব দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা সূত্র জানায়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগরীর মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও লালবাগ থানা এলাকায় এক বছর ও তদূর্ধ্ব বয়সের বাসিন্দাদের টিকার প্রথম ডোজ খাওয়ানো হয়। আইসিডিডিআরবির কলেরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে এসব এলাকা চিহ্নিত করা হয়।

এলাকাগুলো বেশি কলেরাপ্রবণ বলে নির্বাচন করা হয়। প্রথম ডোজটি খাওয়ানোর পর পরের ডোজ খাওয়ানোর জন্য মার্চের শেষ ও এপ্রিলের শুরুর সময় নির্ধারণ করা হয়েছিল। ছয়টি থানা এলাকার ৩৬০টি টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়েছিল। তারপরে করোনা মহামারির কারণে কলেরার টিকা প্রয়োগ কর্মসূচি বন্ধ হয়ে যায়। দৃশ্যত উদ্যোক্তাদের বিকল্প কোনো পরিকল্পনা ছিল না। তাই প্রথম ডোজেই ঝুলতে থাকে কলেরার টিকা প্রয়োগ পাইলট প্রকল্প। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসির লাইন ডিরেক্টর) ঢাকার একটি দৈনিক পত্রিকাকে বলেছিলেন, প্রথম ডোজ খাওয়ানো শেষ করার পর দেশে করোনার সংক্রমণ শুরু হয়। এ জন্য বাকি ডোজ খাওয়ানো বন্ধ রয়েছে। প্রথম ডোজের কার্যকারিতা রক্ষা করতে হলে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে দ্বিতীয় ডোজ খাওয়াতে হয়। কার্যত এখন দ্বিতীয় ডোজ খাওয়ালে কোনো উপকার হবে না।

করণীয়

চট্টগ্রামের সিভিল সার্জন ইতিমধ্যে পথ দেখিয়েছেন। তিনি ইউনিয়ন পর্যায়ে মেডিকেল টিম গঠন করেছেন। তবে প্রয়োজনীয় সেবার পাশাপাশি এ টিমের কাজ হবে স্বাস্থ্য শিক্ষা প্রচারণা। স্যালাইন তৈরি, সংরক্ষণ ও গ্রহণের সহজ তরিকার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার কথাও বলতে হবে।

গণমাধ্যমকে ব্যাপক প্রচারে নামতে হবে। স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তাদের প্রচারের বাণীগুলো ঠিক করতে হবে। সরকার কমিউনিটি রেডিওগুলোকে এ কাজে ব্যবহার করতে পারেন। ধারাবাহিকভাবে পানি পরীক্ষা করা জরুরি।

পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে আমাদের ‘কলেরা কন্ট্রোল প্ল্যান ২০১৯-৩০’ কে নতুন করে ঢেলে সাজাতে হবে। সেই পরিকল্পনায় যেন সবাই স্বচ্ছতার সঙ্গে যুক্ত হতে পারে। দেখতে হবে যাঁরা কলেরার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, তাঁরা কেমন আছেন। স্বাধীনতার ৫০ বছর পরে কলেরার খপ্পরে পড়ার কোনো কারণ নেই।

লেখক: গবেষক

nayeem 5508 @gmail. com