মানুষ গড়ার স্বপ্ন অধরাই থেকে গেল কাদেরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে গত মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যুতের তার ছিঁড়ে আবদুল কাদের (২৯) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন।
আবদুল কাদের পূর্ব বেজগ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার ডাকালীবান্ধা আলহাজ সমশের হোসেন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এলাকাবাসী জানান, আবদুল কাদের গত সোমবার রাতে গেন্দুকুড়ি গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সকালে বজ্রপাতের সময় বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে পড়লে তাঁর শ্বশুরবাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় শ্বশুরবাড়ির মেইন সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আবদুল কাদের। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর শ্বশুর ইউনুচ আলী (৫০) ও শ্যালক শরিফুল ইসলাম (২০)। একই সময় ওই গ্রামের কয়েকটি বাড়ির বিদ্যুৎ-সংযোগ বন্ধ করতে গিয়ে আরও চারজন আহত হন। আহত ব্যক্তিদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় ইউনুচ আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগে সহকারী শিক্ষক হিসেবে আবদুল কাদের ডাকালীবান্ধা আলহাজ সমশের হোসেন উচ্চবিদ্যালয়ে যোগদান করেন।
আবদুল কাদেরের বাবা নজরুল ইসলাম বলেন, ‘স্কুলজীবন থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল কাদেরের। স্কুলে যোগদান করার পর কাদের আমাকে এসে বলল, “বাবা, এখন থেকে মানুষ গড়ার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে। তুমি দেখবে আমার কাছে অসংখ্য ছেলেমেয়ে পড়ালেখা শিখে দেশ গড়বে”।’ তিনি আরও বলেন, সেই স্বপ্ন কাদেরের পূরণ হলো না আর। এখন তাঁর তিন বছরের অবুঝ কন্যাশিশু সিনথিয়া বাবার আদর ছাড়া কীভাবে থাকবে?
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন, গত সপ্তাহ থেকে কাদের ক্লাস নেওয়া শুরু করলেও তাঁর নিবিড় পাঠদান ও আচার-আচরণে শিক্ষক-শিক্ষার্থীদের মন জয় করেছিলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও টংভাঙ্গা ইউপির চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, কাদেরের অকালমৃত্যুতে তাঁরা একজন মেধাবী শিক্ষক হারালেন।