মানুষ গুম হচ্ছে, লাশ পড়ে থাকছে এমন বাংলাদেশ আমরা চাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, ‘পুলিশ ও র‌্যাব মানুষকে ধরে নিয়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন। মানুষ গুম হয়ে যাচ্ছে, রাস্তায় মানুষের লাশ পড়ে থাকছে। এমন বাংলাদেশ আমরা চাইনি। এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। এটা মানবাধিকারের লঙ্ঘন।’গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘মানবাধিকার: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মিজানুর রহমান। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের সহায়তা ছাড়া মানবাধিকার রক্ষা সম্ভব নয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, রাষ্ট্রই মানবাধিকার লঙ্ঘন করে, আবার রাষ্ট্রের কাছেই এর প্রতিকার চাইতে হয়। তিনি বলেন, মানবাধিকার রক্ষায় রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রকে দায়িত্ব নিতে বাধ্য করতে হবে। নাগরিকেরা তাঁদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলেই এটা সম্ভব। অধিকার পেতে হলে প্রত্যেককে যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। মিজানুর রহমান বলেন, ‘নাগরিক হিসেবে আমরা অধিকার সচেতন, তবে দায়িত্ব সচেতন নই। আমরা ধ্বংসাত্মক রাজনীতির পরিহার চাই। রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার চাই।’ তিনি বলেন, জনগণের কল্যাণে গৃহীত সরকারি প্রকল্পে দুর্নীতির দায় জনগণের ওপর চাপানো হচ্ছে। এটা মানবাধিকারের লঙ্ঘন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সরকার কারাগারগুলোতে টাকা বরাদ্দ দিচ্ছে। নাগরিক হিসেবে আমরা সে টাকা লুট হতে দেব না। কারাগারে সরকারের বরাদ্দ করা মাংসের হিসাব আমাদের দিতে হবে।’ তিনি বলেন, বয়স্কভাতা দেওয়া হয় বয়স্কদের জন্য, বিধবাভাতা দেওয়া হয় বিধবাদের জন্য। এ ভাতা বয়স্ক কিংবা বিধবাদের বাইরে কেউ পেলে সেটা দুর্নীতি। এ দুর্নীতির দায় জনগণ নেবে না। এসব দুর্নীতি রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রাজনৈতিক অধিকার অর্জনের জন্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা যাবে না উল্লেখ করে মিজানুর রহমান বলেন, সরকারি হাসপাতাল, শিশুসদন, ভবঘুরে কেন্দ্রসহ এ ধরনের প্রতিষ্ঠানে দেওয়া বরাদ্দ জনগণকে কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে। তিনি বলেন, দারিদ্র্য দূর করা সম্ভব না হলে মানবাধিকার রক্ষা করা কঠিন। মানবাধিকার ফোরামের আহ্বায়ক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শেখ নূরুল ইসলাম, আওলাদ হোসেন, শামসুল আলম, টিপু সুলতান প্রমুখ বক্তব্য দেন।