হরতাল বন্ধে আইন করার বিষয়টি দেশের জনগণের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখন কিছু বলব না। তবে দেশের মানুষ চাইলে এবং আপনারা যদি একমত হন, তাহলে এটা করা যেতে পারে।’
আইনের মাধ্যমে স্বল্প সময়ের জন্য হরতাল নিষিদ্ধ করা যায় কি না, জাতীয় পার্টির এম এ হান্নানের এ-সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, হরতাল বন্ধে দেশের মানুষকে সচেতন হতে হবে। সবকিছু আইন করে করা যায় না। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি-জামায়াত জোট বাসে আগুন দিয়ে, মানুষ পুড়িয়ে মেরে সবাইকে সর্বস্বান্ত করেছে। এগুলো আন্দোলন, নাকি হত্যা? এটি হরতাল নয়। এটি জঙ্গিবাদ এবং সন্ত্রাসের আরেক রূপ। এ ধরনের পরিস্থিতিতে দেশের মানুষ প্রতিরোধ করুক, সেটাই সমীচীন হবে।
মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে আট হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ১৯ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এবং ওঠানামার জন্য ৩১টি র্যা ম্পসহ মোট ৪৬ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির ভূমি অধিগ্রহণের কাজ তিনটি ধাপে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত¯ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত এবং তৃতীয় ধাপে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত ভূমি অধিগ্রহণের কাজ চলমান আছে। ২০১৮ সালের মার্চের মধ্যে এই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে বলে প্রধানমন্ত্রী জানান।