
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচন হবে কি হবে না, এ নিয়ে আমরা এখনো একে অন্যের কাছে জানতে চাইছি। অথচ নির্বাচনের বাকি আছে মাত্র কয়েক দিন।’ তিনি বলেন, রাজনৈতিক অনৈক্যের কারণেই মানুষের মনে এ সংশয় দেখা দিয়েছে। তিনি এ সংশয়ের অবসান ঘটানোর দাবি জানিয়ে বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ নির্বাচন চাই। সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ একটি নির্বাচন আমাদের কাঙ্ক্ষিত।’
অধ্যাপক ইউনূস তাঁর সম্মানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনারা মুক্তিযোদ্ধারা জাতির ইতিহাসের নায়ক। আপনাদের দেওয়া সম্মানে আমি আপ্লুত।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ জাতিগতভাবে আমাদের ঐক্যবদ্ধ করেছিল। দূর করেছিল মনের সব বাধা। কিন্তু এখন আবারও আমরা অনৈক্যের রাজনীতিতে ভাগ হয়ে গিয়েছি। মুক্তিযোদ্ধারা পারেন আবার ঐক্যবদ্ধ করতে। কারোর ইচ্ছা-অনিচ্ছার কাছে আমরা নিজেদের ও আমাদের সন্তানদের ভবিষ্যৎ ছেড়ে দিতে পারি না।’
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন মুক্তিযোদ্ধা গণপরিষদের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আপনারা অধ্যাপক ইউনূসকে সংবর্ধনা দিয়ে জাতীয় দায়িত্ব পালন করেছেন। এটা অধ্যাপক ইউনূসকে হেয় করার বিরুদ্ধে একটি প্রতিবাদস্বরূপ।’ তিনি সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা ওদের কাছে গুণীদের সম্মানিত করার দাবি জানাই না। চাই গুণীদের অসম্মানিত না করার নিশ্চয়তা।’
গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মুজিব ভাই বেঁচে থাকলে অধ্যাপক ইউনূস নোবেল পুরস্কার নিয়ে ফেরার সময় তাঁকে অভিনন্দন জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত হতেন। বুকে জড়িয়ে ধরে বলতেন, “ইউনূস, তুই আমার বুকটা বড় দিয়েছিস।” কাজেই আমরা বলতে পারি, বঙ্গবন্ধুর মেয়ে কী করলেন তা নিয়ে ভাবার কোনোই দরকার নেই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল অধ্যাপক ইউনূসকে মুক্তিযুদ্ধের চেতনার সর্বশ্রেষ্ঠ বাহক আখ্যা দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল সম্পদের সুষম বণ্টন ও মেহনতি মানুষের মুক্তি। ইউনূস তাঁর গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সেই কাজটিই করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী, যাঁরা ইউনূসকে অসম্মানিত করছেন, তাঁরা মুক্তিযুদ্ধবিরোধী পক্ষ।
মুুক্তিযোদ্ধা গণপরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আইনউদ্দিন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, স্থপতি মোবাশ্বের হাসান, মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম প্রমুখ বক্তব্য দেন।