মানুষ চায় এক সওজ করে আরেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-সাঘাটা সড়ক কার্পেটিংয়ের (ওভারলে) পরিকল্পনা হাতে নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। স্থানীয় লোকজন বিষয়টি জানার পর থেকেই কার্পেটিংয়ের আগে সড়কটি প্রশস্ত করার দাবি করছেন। কারণ, সরু এ পথে চলাচল করতে গিয়ে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হয় তাঁদের। এ ভোগান্তি দূর না করে কার্পেটিংয়ের পরিকল্পনা আসলে টাকা লুটপাটেরই সুযোগ তৈরি করবে বলে স্থানীয় লোকজন মনে করছেন।
গাইবান্ধা সওজ বিভাগ সূত্র জানায়, প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কের জেলা শহরের বড় মসজিদের সামনে থেকে ভরতখালী পর্যন্ত ২১ কিলোমিটার সম্প্রসারণ না করে কার্পেটিংয়ের জন্য এ বছরের ১৬ জুলাই দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় ৭ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার ৮০৫ টাকা। এ ছাড়া সড়কটির গাইবান্ধা সদর উপজেলার সরকারতাড়ি এলাকায় ৩ কোটি ৮৪ লাখ ২ হাজার ৬২০ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণে ১৬ জুলাই দরপত্র আহ্বান করা হয়।
গাইবান্ধা থেকে সাঘাটা যাওয়ার পথে সম্প্রতি দেখা যায়, সড়কটি এতই অপ্রশস্ত যে একটি বাস গেলে আরেকটি মোটরসাইকেল অতিক্রম করাও কষ্ট হয়ে যায়।
ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনতোষ রায় বলেন, এই সড়ক দিয়ে দুই উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষ জেলা শহরে যাতায়াত করে। প্রতিদিন শত শত যানবাহন এ সড়কে চলাচল করছে। সড়কটি অপ্রশস্ত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই সড়কটি কার্পেটিংয়ের আগে প্রশস্ত করা দরকার।