বাগেরহাটের জেলা প্রশাসন ঘূর্ণিঝড় মহাসেন মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে জেলার উপকূলীয় মংলা, শরণখোলা ও মোরেলগঞ্জের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নিকটস্থ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও পাকা বিদ্যালয় ভবনে নেওয়া শুরু হয়েছে।এর আগে গতকাল দুপুর থেকে মংলা বন্দরে অবস্থানরত জাহাজগুলোতে মালামাল ওঠা-নামানোর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে পূর্ব সুন্দরবনে প্রবেশে ইচ্ছুক পর্যটক ও জেলেদের অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে বন বিভাগ। এ ছাড়া সুন্দরবনে অবস্থানরত পর্যটক ও মৎস্যজীবীদের সরিয়ে আনা হয়েছে।আবহাওয়া বিভাগ বাগেরহাট জেলায় ৫ নম্বর বিপৎসংকেত ঘোষণা করেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভোররাত অথবা ভোরে মহাসেন বাগেরহাট উপকূল অতিক্রম করার কথা।বাগেরহাটের জেলা প্রশাসক শুকুর আলী জানান, ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে উপকূলীয় তিনটি উপজেলার কাঁচা ও আধা পাকা ঘরের বাসিন্দাদের সরিয়ে নিকটস্থ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও পাকা বিদ্যালয় ভবনে আনা হচ্ছে। ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় জেলায় দেড় হাজার প্রশিক্ষিত উদ্ধারকর্মী, ৮২টি চিকিৎসক দল ও পর্যাপ্ত শুকনা খাবার মজুত করা হয়েছে। তিনি জানান, জেলায় ২০১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় পৌনে দুই লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া পাকা বিদ্যালয় ও কলেজ ভবনগুলো খুলে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে কাজ শুরু করেছে। মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভুইঞা জানান, মহাসেন মোকাবিলায় বুধবার দুপুর থেকে বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দরে অবস্থানরত পাঁচটি জাহাজসহ বন্দর কর্তৃপক্ষের নৌযানগুলো নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী জানান, সুন্দরবনের ৩৫টি ক্যাম্প ও স্টেশনে অবস্থানরত চার শতাধিক বনকর্মীকে তাঁদের হাতিয়ার ও মালামালসহ নিরাপদে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ক্যাম্প থেকে বনকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। সুন্দরবনে এখন কোনো পর্যটক অবস্থান করছেন না জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার থেকে সুন্দরবন পূর্ব বিভাগে জেলে ও পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। কটকাসহ এর পাশের এলাকায় অবস্থানরত জেলেদের বনের ভেতরের তিনটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। জেলার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ-জামান ও মংলার ইউএনও মিজানুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। তাই নদীসংলগ্ন গ্রামগুলোর মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। মানুষ আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে।