মানুষ জেগেছে, জঙ্গিরা নিশ্চিহ্ন হয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী জঙ্গিবাদ–সন্ত্রাসবিরোধী ঐক্য ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গতকাল রাজধানীর শেরেবাংলা এলাকায় ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীরা শোভাযাত্রা বের করে l ছবি: প্রথম আলো
দেশব্যাপী জঙ্গিবাদ–সন্ত্রাসবিরোধী ঐক্য ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গতকাল রাজধানীর শেরেবাংলা এলাকায় ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীরা শোভাযাত্রা বের করে l ছবি: প্রথম আলো

জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা জেগে উঠেছে, মানুষ জেগে উঠেছে। সবাই ঐক্যবদ্ধ ও সচেতন থাকলে জঙ্গিবাদ আর মাথাচাড়া দিতে পারবে না, স্থায়ী ভিত্তিও গড়তে পারবে না। বর্তমানে যেভাবে জঙ্গিবিরোধী কর্মকাণ্ড চলছে, তা অব্যাহত থাকলে শিগগির জঙ্গিরা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে।
এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলা হয়েছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত জঙ্গিবাদবিরোধী সভা থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষণা অনুযায়ী গতকাল শনিবার কী শহর, কী গ্রাম—প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই জঙ্গিবাদবিরোধী এই কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও অংশ নেন।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এর আগেও সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন হয়। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল-কলেজ এবং মাদ্রাসার প্রধানদের সঙ্গেও পৃথকভাবে সভা করা হয়। শিক্ষক সংগঠনগুলোর উদ্যোগে জঙ্গিবিরোধী শিক্ষা কনভেনশন করে জঙ্গিবিরোধী ছয় দফা ঘোষণা দেওয়া হয়।

.
.

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ কর্মসূচি। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক—সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে জঙ্গিবাদ কোনো দিন স্থায়ী ভিত্তি গড়তে পারবে না। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক ও প্রতিরোধমূলক আন্দোলন গড়ে তুলতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আখতারুজ্জামানসহ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রনেতা।
ফারাজ যা করেছে, সেটাই দেশের প্রাণশক্তি: ভিকারুননিসা স্কুলের কর্মসূচিতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন উপস্থিত ছাত্রীদের উদ্দেশে গুলশানে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের মানবিক মূল্যবোধের দিকটি তুলে ধরেন। তিনি বলেন, ‘জঙ্গিরা তাকে (ফারাজ) বের হতে দিতে চেয়েছিল। বলেছিল তুমি বেরিয়ে যাও, তোমাকে মারব না, সে তখন বলেছিল, আমার দুই বন্ধুকেও ছেড়ে দাও, কিন্তু তারা (জঙ্গি) বলেছিল, না ছাড়া যাবে না। তখন সে বলেছিল, আমিও ওদের ছেড়ে যাব না। ভেবে দেখ, তোমাদের চেয়ে অল্প একটু বেশি বয়সের ছেলে কত সচেতনভাবে, ৃমানবিক বোধের জায়গা থেকে নিজের অবস্থানকে নির্ধারণ করেছিল, কত দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল যে, যাদের নিয়ে খাবার খেতে এসেছিল, তাদের বিপদে ফেলে সে একা বেরিয়ে যাবে না। এটাই ছিল বাংলাদেশের প্রাণের শক্তি। তোমরা ছোটরা যারা আছ, তারা সবাই মিলে এই প্রাণের শক্তিকে লালন করবে। যে প্রাণের শক্তি দিয়ে আমরা একটি বড় বিপর্যয়কেও রক্ষা করতে পারব।’ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুফিয়া খাতুন।
ইডেন কলেজে সমাবেশ: ইডেন মহিলা কলেজে কয়েক হাজার ছাত্রী ও অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জঙ্গিবিরোধী সভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ। কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মো. ইব্রাহীম খান প্রমুখ।
এ ছাড়া রাজধানীর প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে জঙ্গিবিরোধী এই সভা। ঢাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।