মানুষ দুদক আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন বলেছেন, জাতীয় সংসদে বিল পাস করে দুদককে স্তব্ধ করার চেষ্টা কখনোই সফল হবে না। মানুষই নতুন আইনের বিরুদ্ধে বিদ্রোহ করবে, রুখে দাঁড়াবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে দুদকের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মো. সাহাবুদ্দিন এ কথা বলেন।

সাহাবুদ্দিন বলেন, হল-মার্ক কেলেঙ্কারি, ডেসটিনি প্রতারণা, পদ্মা সেতুর দুর্নীতি, রেল কেলেঙ্কারির মতো স্পর্শকাতর বিষয়ে যখন দুদক কাজ করছে, দেশে-বিদেশে দুদকের কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে, তখন হঠাৎ করেই অনেকের অজ্ঞাতে বিল পাস করা হয়েছে। তাতে বলা হয়েছে, কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমতি লাগবে এমন কথা বলা হয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘তাহলে কোথায় দুদকের স্বাধীনতা?’

২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন ব্যুরো থেকে সংস্থাটি দুর্নীতি দমন কমিশন হয়। ১০ নভেম্বর ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১৩’ পাস হয় সংসদে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমতি নেওয়ার কথা বলা আছে।

মো. সাহাবুদ্দিন বলেন, ‘দুদকের অনুসন্ধান ও তদন্ত মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট দুদক কর্মকর্তার তিন থেকে পাঁচ বছরের জেল হবে—এসব কারণে কি দুদকের কর্মকর্তাদের হাত-পা বেঁধে দেওয়া হয়নি?’ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, আইন করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সচেতনতা। দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুদক কমিশনার ড. নাসির উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআইবি ও র‌্যাকের নিন্দা: এদিকে ১৯ নভেম্বর রাতে তড়িঘড়ি করে বিলটিতে রাষ্ট্রপতির সই করিয়ে নেওয়ায় রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) ও টিআইবি বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান হওয়া সত্ত্বেও উল্লিখিত ধারার বলে বিশেষ একটি শ্রেণীকে কার্যত বৈষম্যমূলকভাবে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি যখন বিনা বাক্যব্যয়ে একমত হন, তখন জনগণ গভীর হতাশায় নিমজ্জিত হয়।’