মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ চলাকালে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা। গতকাল সোমবার বিকেলে নগরের শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বেদারুল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান প্রমুখ।
এম এ সালাম বলেন, বিএনপির আন্দোলন নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু ৫ জানুয়ারির পর অবরোধের নামে পেট্রলবোমা মেরে যাঁদের মারা হয়েছে, তাঁদের দায়দায়িত্ব কে নেবে? তাঁরা তো নিরীহ ও খেটে খাওয়া সাধারণ মানুষ। খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমানের মৃত্যুতে বিএনপি তিন দিনের শোক ঘোষণা করেছে। তাহলে পেট্রলবোমায় যাঁরা মারা গেছেন, তাঁরা তো কোনো না কোনো মায়ের সন্তান। তাহলে তাঁদের জন্য কী হবে?