মানুষ পোড়ানো থামাতে তরুণদের প্রতি আহ্বান
‘থামান! মানুষ পোড়ানোর চলমান মিছিল, যারা পেট্রলবোমা, ককটেল মেরে নর-নারী ও শিশু পুড়িয়ে মারে, সেই খুনিদের এবং মদদদাতাদের বিচারের দাবিতে পথে নামুন।’ নতুন প্রজন্মের প্রতি এ আহ্বান জানিয়েছে ঐক্য ন্যাপ।
ন্যাপ বলছে, অগ্নিদগ্ধ হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, যাঁরা যন্ত্রণাময় জীবন যাপন করছেন, সেসব পরিবারের সুষ্ঠু পুনবার্সন চাই। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্য ন্যাপ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বলা হয়, যুদ্ধাপরাধীদের দল জামায়াত জ্বালাও-পোড়াও, রেললাইন উৎপাটন, সংখ্যালঘু আদিবাসী বসতি ও মন্দিরে হামলাসহ নাশকতার মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে তালেবান ‘বাংলাস্থান’ বানাতে উদ্যত হয়েছে। এ অপশক্তি রুখতে মুক্তিযুদ্ধের অনুসারী সব দল, ব্যক্তি ও যুবসমাজ মুক্তিযুদ্ধকালীন ঐক্যের মতো জাতীয় ঐক্য পুনঃ প্রতিষ্ঠা করুন। জামায়াতকে নিষিদ্ধ এবং সামাজিকভাবে বয়কটের আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয়।
মানববন্ধনে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক। এতে সংগঠনের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সভাপতিমণ্ডলী সদস্য এস এম এ সবুর, এম এ গণি প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।