মানুষ পোড়ানো দানবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, রাজনীতির নামে যারা সাধারণ মানুষ পোড়ায়, তারা দানব। সেই দানবের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তাঁরা।
‘শান্তির জন্য হোক প্রতিবাদ’ শীর্ষক ব্যানারে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচি থেকে এই আহ্বান জানানো হয়। কর্মসূচিতে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, ছাত্র-শিক্ষক-সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা পেশার মানুষের হাতে ছিল সাদা পতাকা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল ও বুলবুল মহলানবিশের সঙ্গে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অবরোধ-হরতালে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে জাতীয় সংসদ ভবনের কাছে খেজুরবাগানে মিনিবাসে ছোড়া পেট্রলবোমায় দগ্ধ ইডেন কলেজের এক ছাত্রীর বাবা খোকন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে যখন আর্তচিৎকার করে, তখন বুঝি যন্ত্রণা কাকে বলে। পেট্রলবোমায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন মানুষদের পরিবার সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। এই রাজনীতি পরিহার করুন।’