
দেশজুড়ে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে সর্বস্তরের মানুষ। অরাজক এ পরিস্থিতি বন্ধের দাবিতে সভা-সমাবেশ, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করছে তারা। সভা-সমাবেশ থেকে পেট্রলবোমায় মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধের আহ্বান জানানো হয়েছে।
রংপুরে চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। রাজশাহী মুক্তিযুদ্ধ পাঠাগারের আয়োজনে গণসংগীত, মিছিল ও সমাবেশ হয়েছে। গণজাগরণ মঞ্চ চট্টগ্রামে গণ-অবস্থান ও আলোর মিছিল করেছে। সিলেটে গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে সহিংসতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। সহিংসতার প্রতিবাদে সমাবেশ হয়েছে খুলনাতেও।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আয়োজনে রংপুর নগরের মেডিকেল মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। এতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কলেজের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর সাড়ে ১১টা থেকে শহরের মেডিকেল মোড়ে মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন তাঁরা।
বক্তারা বলেন, অবরোধের নামে এভাবে দেশে নৈরাজ্য চলতে দেওয়া যায় না। চিকিৎসকসহ শিক্ষার্থীরা রাজপথে প্রতিবাদে নেমেছেন। অবিলম্বে এই নাশকতা বন্ধ করা হোক। এ ছাড়া দুর্বৃত্ত-সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়। এদিকে আজ বুধবার শান্তির অন্বেষণে ‘জাগো রংপুর’ নামের একটি সংগঠনের আয়োজনে বেলা ১১টায় রংপুর শহরের প্রধান সড়কের পাঁচটি পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
‘পুড়ছে মানুষ পুড়ছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে মুক্তিযোদ্ধের চেতনায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রাজশাহীতে মুক্তিযুদ্ধ পাঠাগার নাশকতার প্রতিবাদে গতকাল বিকেলে গণসংগীত, মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেল চারটার দিকে নগরের আলুপট্টির মোড়ে গণসংগীত পরিবেশন করা হয়। এরপর সেখান থেকে একটি মিছিল বের করা হয়।

নগরের সোনাদীঘির মোড় হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে মিছিলটি সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ পাঠাগারে সভাপতি তাজুল ইসলাম। বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেন; কায়েস উদ্দিন, নূরুল্লাহ, নাট্যকার মলয় ভৌমিক, সমাজসেবী শাহীন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, মানুষ পুড়িয়ে কোনো রাজনীতি হতে পারে না। এ কাজ বন্ধ করতে হবে। এর সঙ্গে আলোচনা বা রাজনৈতিক সমঝোতার কোনো সম্পর্ক নেই। কোনো শর্তে মানুষ পোড়ানো বন্ধ করা হবে—এটা মেনে নেওয়ার নয়। এটা সন্ত্রাস, এটা বন্ধ করতে হবে।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের বক্তারা জামায়াত নিষিদ্ধসহ সহিংসতার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। নগরের চেরাগি পাহাড় মোড়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই গণ-অবস্থান ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়।
গণজাগরণ মঞ্চের সদস্যসচিব চন্দন দাশের সভাপতিত্বে ও সমন্বয়ক শরীফ চৌহানের পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কবি কামরুল হাসান বাদল, উদীচী চট্টগ্রামের সহসভাপতি সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, বাসদ নেতা মহিমউদ্দিন, অধ্যাপক অশোক সাহা প্রমুখ।
বক্তারা বলেন, অবরোধ ও হরতালের নামে দেশব্যাপী মানুষ পুড়িয়ে মারার যে ‘উৎসব’ শুরু করা হয়েছে, তা স্বাধীন দেশে চলতে পারে না। আন্দোলনের নামে এভাবে মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধভাবে।

সিলেটে আয়োজিত সন্ত্রাসবিরোধী গণ-অবস্থান ও সমাবেশ থেকে চলমান রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গতকাল বিকেলে নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণজাগরণ মঞ্চের উদ্যোগে ‘রাজনীতির নামে মানুষ হত্যা বন্ধ করো’ শীর্ষক এ কর্মসূচি পালিত হয়।
বেলা চারটায় সিলেটের প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীরা গণ-অবস্থান কর্মসূচি শুরু করে। কর্মসূচিতে গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু বক্তব্য দেন। পরে এক প্রতিবাদী শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গতকাল সকালে নগরের পিকচার প্যালেস মোড়ে খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে সমাবেশ থেকে বক্তারা বলেন, আজকে গোটা দেশ একটা বার্ন ইউনিটে পরিণত হয়েছে। এটা রাজনীতির ভাষা হতে পারে না। গণতন্ত্রের চর্চা হতে পারে না।
সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের কার্যকরী সভাপতি শাহীন জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংসদ এস এম মোস্তফা রশীদি সুজা, নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিট কমান্ডের এম মোকলেসুর রহমান প্রমুখ।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা এবং সিলেট প্রতিনিধি]