মানুষ বাড়ি ফিরতে পারেনি ঈদ কাটবে আশ্রয়কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলার হাবাসপোল গ্রামের শিল্পী বেগম বাড়ির মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন l ছবি: প্রথম আলো
যশোরের কেশবপুর উপজেলার হাবাসপোল গ্রামের শিল্পী বেগম বাড়ির মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন l ছবি: প্রথম আলো

যশোরের কেশবপুরে জলাবদ্ধতার এক মাস পরেও মানুষ বাড়ি ফিরতে পারেনি। গ্রামে আটকে পড়া পানিবন্দী মানুষ এখনো সরকারি সাহায্য পায়নি। ক্ষতিগ্রস্ত মানুষ খাদ্যসংকটে পড়েছে। পানি কমলেও মানুষ ঈদের আগে বাড়ি ফিরতে পারবে না। বিভিন্ন ঈদগাহে পানি থাকায় এ বছরও যশোর-সাতক্ষীরা সড়কে নামাজ পড়তে হবে।

যশোরের কেশবপুরের হরিহর নদ ও বুড়িভদ্রা নদী পলি ভরাট হয়ে নাব্যতা হারানোয় কেশবপুর পৌরসভাসহ কেশবপুর উপজেলার বেশির ভাগ অংশ জলাবদ্ধ হয়ে পড়ছে। দুই বছর ধরে জলাবদ্ধ মানুষ গৃহহারা হয়ে মানবেতর জীবন যাপন করছে। নদ-নদী খনন না হওয়ায় এ বছরও জলাবদ্ধতা দেখা দিয়েছে। কেশবপুর পৌরসভা এবং কেশবপুর ইউনিয়ন পরিষদের অবস্থা বেশি খারাপ।

গত শনিবার কেশবপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার কেশবপুর ইউনিয়ন, সাতবাড়িয়া, মঙ্গলকোট, পাঁজিয়া, সুফলাকাঠি, বিদ্যানন্দকাটি ও মজিদপুর ইউনিয়ন জলাবদ্ধ হয়ে পড়েছে। এখানকার ৬৯ হাজার ২১৮ জন পানিবন্দী হয়ে পড়েছে। ১৭টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৪৪৬টি পরিবারের ১১ হাজার ৬৬৯ জন আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত ৫৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ৪০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। কেশবপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার চক্রবর্তী বলেন, গ্রামে পানিবন্দী মানুষকে এ মুহূর্তে কোনো খাদ্য সহায়তা করা যাচ্ছে না।

পানি সামান্য কমলেও নতুন করে রাজনগর বাকাবর্শী ও সোজাপুর গ্রামে পানি ঢুকে পড়েছে। কেশবপুর কলাগাছি এবং কেশবপুর ভেরচি সড়কে পানি উঠে যাওয়ায় এই দুটি সড়কের আটটি স্থানে তিন ফুট পানি উঠে সড়ক যোগাযোগ মারাত্মক ব্যাহত হচ্ছে। পাঁচবাকাবর্শী গ্রামের কোহিনুর বেগম বলেন, তাঁদের গ্রামে এখন প্রতিটি বাড়িতে পানি উঠে গেছে। এ গ্রামের বাসিন্দারা জানান, ‘এক মাস আগে অতিবর্ষণের সময় আমাদের গ্রামে পানি ওঠেনি। নতুন করে আমাদের গ্রাম তলিয়ে গেছে।’

এদিকে আশ্রয়কেন্দ্রগুলোতে কিছু খাদ্য সহায়তা পেলেও গ্রামে আটকে পড়া মানুষ এই এক মাসে কোনো খাদ্য সহায়তা পায়নি। হাবাসপোল গ্রামের ফুলি বেগম (৬৫) বলেন, ‘তোমরা নিহে যাও এ পর্যন্ত কিছু পালাম না।’ হাবাসপোল গ্রামের রহিমা বেগম, আসমা এবং নার্গিস জানান, এক মাসে প্রশাসন, জনপ্রতিনিধি—কেউই আমাদের খোঁজ নেয়নি। তাঁরা অভিযোগ করেন, এক মাসে তাঁদের কোনো সরকারি সাহায্য জোটেনি। এ বছর ঈদ তাঁদের কাছে দুঃখ বয়ে এনেছে বলে তাঁরা মনে করেন।

যশোর-সাতক্ষীরা সড়কের ওপর ঝুপড়িঘরে আশ্রয় নেওয়া মিশয়ার রহমান সরদার (৬৫) বলেন, ‘এখন বাড়িতে হাঁটুপানি। ঈদের আগে বাড়ি যেতে পারব না।’ এখানকার বাসিন্দারা বলেন, ‘ঈদে সেমাই, চিনি বা মাংসের কোনো ব্যবস্থা নেই। গত বছর আমরা এগুলো পেয়েছিলাম।’ মধ্যকুল রাস্তার ধারে আশ্রয় নেওয়া জাহানারা বেগম বলেন, ‘ঘেরের মালিক সুলতান প্রতিরাতে মাছের ঘেরে মুরগির বিষ্ঠা দেন। আমরা টংঘরে বসবাস করতে পারছি না।’

কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, হরিহরে ভদ্রা নদীতে দুটি খননযন্ত্র কাজ করছে। তিন-চার দিনের মধ্যে পানি আরও কমে যাবে।

কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমরা ঈদে মানুষের জন্য চাল, ডাল, তেল, সেমাই, চিনি, মাংসের ব্যবস্থা করব।’