মানুষ বাড়ি যেতে না পারলে আমিও শহীদ মিনারে ঈদ করব: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ‘ঈদের আগে যদি রাস্তা যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে উপযোগী না হয় এবং মানুষ বাড়ি যেতে না পারে, তবে আমিও শহীদ মিনারে গিয়ে ঈদ করব।’গতকাল বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ সড়কের মেরামতকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ছাত্র-শিক্ষক-পেশাজীবী পরিষদ গত বুধবার থেকে যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করে ঈদ শহীদ মিনারে উদ্যাপনের ঘোষণা দিয়েছে।আবুল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যান চলাচলের জন্য সাময়িকভাবে উপযোগী হয়েছে। যান চলাচলের উপযোগী বলতে বোঝানো হচ্ছে রাস্তার কোথাও গর্তে গাড়ি আটকা পড়ার মতো অবস্থা নেই। তবে মসৃণভাবে চলাচলের জন্য রাস্তার স্থায়ী সংস্কার দরকার। এ জন্য রোদ ও খরা লাগবে। বর্ষা মৌসুম শেষ হলে রাস্তার পুনর্গঠন করা হবে।রাস্তা দ্রুত সংস্কারের আওতায় কাজ কতটুকু হয়েছে, সেটি পরিদর্শন করতে যোগাযোগমন্ত্রী গতকাল ময়মনসিংহের ভালুকা পর্যন্ত যান। গতকাল ওই এলাকায় গিয়ে দেখা গেছে, গাজীপুর চৌরাস্তায় প্রায় আধা কিলোমিটার রাস্তা ইট-খোয়া ফেলে গর্ত ভরাট করা হচ্ছে। ভালুকা পর্যন্ত মহাসড়কের অল্প কিছু গর্ত ও খানাখন্দ ইট-সুরকি ফেলে ভরাট করা হয়েছে। কিন্তু শ্রীপুরের মাওনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের বেহাল দশা আগের মতোই আছে। সালনা, মাওনা ও রাজেন্দ্রপুর সেনানিবাসের সামনের রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে হাতে গোনা কয়েকটি গর্তে ইট-খোয়া ফেলে বিটুমিন দিয়ে সমান করা হয়েছে। রাস্তা খারাপ থাকায় মহাসড়কে প্রচুর যানজট। মাওনা চৌরাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের জন্য মাটি কেটে অস্থায়ী নালা তৈরি করা হয়েছে।