জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, এভাবে কোনো দেশ চলতে পারে না। মানুষ বাড়িতে থাকলে হয় খুন, আর বাইরে গেলে হয় গুম। মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির নেতা প্রয়াত বজলুর রহমানের সঞ্চরণসভায় তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, দেশে সাংসদদের পর্যন্ত নিরাপত্তা নেই। সাংসদেরা একা চলতে ভয় পান। তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। যেখানে যাই, সেখানে মানুষ বলছে তারা পরিবর্তন চায়। জিনিসপত্রের দাম কম চায়।’ এরশাদ বলেন, ‘আপনারা এই সরকারকে আর ক্ষমতায় আনবেন না। যারা হরতাল দিয়ে গাড়ি জ্বালিয়ে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে, তাদেরও ক্ষমতায় আনবেন না। আপনাদের সামনে বিকল্প পথ একটাই—জাতীয় পার্টি। শান্তিতে থাকতে হলে তাই জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।’ জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা কলিম উল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। মুন্সিগঞ্জে আসার পথে এরশাদ ঢাকার কেরানীগঞ্জের কদমতলী, মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইমামপুর ও ইছাপুরা এলাকায় পথসভায় বক্তব্য দেন।