বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোর প্রকাশিত জরিপের ফলাফলের কথা উল্লেখ করে বলেছেন, দেশের ৫০ ভাগের বেশি মানুষ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত। এটি বুঝতে পেরে সরকার বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করতে চাইছে। কিন্তু সেই নির্বাচন করার সাহস দেখালে পরিণতি ভালো হবে না।
গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এসব কথা বলেন খন্দকার মোশাররফ। নব্বইয়ের আন্দোলনে শহীদ জেহাদ স্মরণে এই স্মরণসভার আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, প্রথম আলো বিএনপির কোনো পত্রিকা নয়। প্রথম আলোর জরিপে এসেছে ৫০ দশমিক ৩ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ।
বিএনপির মতো দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের সাহস দেখালে তার পরিণতি ভালো হবে না বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
খন্দকার মোশাররফ দাবি করেন, সরকার ৫০ ভাগ ভোটার উপস্থিতি দেখানোর নির্দেশ দিয়েছে। কিন্তু একতরফা নির্বাচন হলে ৬৪টি জেলার মধ্যে ২৪টিতে ভোটের বাক্সই নিয়ে যেতে পারবে না। ২০টিতে বাক্স নিয়ে গেলেও ফেরত আনতে পারবে না। ২০টি জেলায় গায়ের জোরে ১০ ভাগ ভোট গ্রহণ দেখাতে পারবে।