মানুষ বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর স্বামী তাঁর স্ত্রীকে এক নাট্যগোষ্ঠীর কাছে বিক্রি করে দিয়েছেন। স্ত্রী সেখান থেকে উদ্ধার পেতে রাজশাহীর বাগমারায় স্বামীর কাছে টাকা চাইতে আসেন। কিন্তু স্বামী উল্টো দুই নাট্যশিল্পীসহ স্ত্রীকে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় বাগমারার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন পুঠিয়ার আল-আমিন (৩২), নাটোরের আবদুস সাত্তার (৪০) ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আরজানা খাতুন (২৫)। তাঁদের আহত অবস্থায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানেক আগে মির্জাপুর গ্রামের বাসিন্দা ও নাট্যশিল্পী ইদ্রিস আলী নীলফামারীর আরজানাকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর তাঁকে নাটোরের ‘মৌসুমী নাট্যগোষ্ঠী’র কাছে ৪৪ হাজার টাকায় বিক্রি করে সেখানে থেকে সটকে পড়েন ইদ্রিস। পরে আরজানা বাবার বাড়ি ফিরতে চাইলে তাঁকে জানানো হয়, তাঁর স্বামী তাঁকে বিক্রি করে গেছেন। ওই টাকা শোধ করতে পারলে তাঁকে মুক্তি দেওয়া হবে। এ ছাড়া কাজ করেও টাকা শোধ দেওয়া যাবে। নিরুপায় হয়ে আরজানা স্বামী ইদ্রিস আলীর ঠিকানা সংগ্রহ করে গত শুক্রবার সন্ধ্যায় আরও দুই সহকর্মী (নাট্যশিল্পী) আল-আমিন ও সাত্তারকে সঙ্গে নিয়ে মির্জাপুর গ্রামে আসেন। তাঁরা ইদ্রিস আলীর বাড়িতে যান। এ সময় আরজানা স্বামীর কাছে তাঁকে উদ্ধারের দাবি জানান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ইদ্রিস তাঁর প্রথম স্ত্রী ও সন্তানেরা ক্ষিপ্ত হয়ে আরজানাকে পেটাতে শুরু করেন। তাঁকে উদ্ধারের জন্য আল-আমিন ও সাত্তার এগিয়ে এলে তাঁদের পিটিয়ে আহত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁদের ওই বাড়িতে আটকে রাখা হয়। খবর পেয়ে রাত নয়টার দিকে র‌্যাব ও পুলিশ আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আরজানা খাতুন অভিযোগ করে বলেন, ‘অবিবাহিত পরিচয় দিয়ে ইদ্রিস আমাকে বিয়ে করে বিক্রি করে দিয়েছে।’ তিনি জানান, এক বছর ধরে নাটোরে আছেন তিনি। যাত্রার মৌসুমে কাজ করে টাকা পরিশোধ করতে হয়। এ কাজ ভালো না লাগায় তিনি স্বামীর কাছে টাকা চাইতে এসেছিলেন। টাকা পেলে তা পরিচালকের হাতে দিয়ে বাড়ি ফিরতে পারতেন।নাটোরের মৌসুমী নাট্যগোষ্ঠীর পরিচালক মোজাহার আলী বলেন, ইদ্রিস তাঁর কাছ থেকে ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ৪৪ হাজার টাকা নিয়েছেন। তাঁর স্ত্রী (আরজানা) তাঁদের গোষ্ঠীর শিল্পী হিসেবে কাজ করবেন বলে দিয়ে গেছেন। এর বেশি কিছু তিনি বলতে চাননি।ঘটনাস্থল পরিদর্শন শেষে বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, খবর পেয়ে তাঁরা আরজানাসহ তিন শিল্পীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন। আরজানার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমুরিয়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুল আজিজ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। আরজানার আত্মীয়স্বজনকে ডাকা হয়েছে। তাঁরা এলেই মামলা হবে।