পরনে চেক শার্ট ও প্যান্ট। কখনো মুঠোফোনে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন। আবার কখনো বাসায় আসা নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করছেন। কথা শেষে হাসিমুখে বিদায় করছেন কর্মী-সমর্থকদের। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন গতকাল সোমবার দুপুরে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে নিজের ফ্ল্যাটে যান। বিকেল পর্যন্ত সেখানে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে সময় কাটান।
সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আন্দরকিল্লার পৈতৃক বাড়িতেই ছিলেন আ জ ম নাছির। এ সময় কিছু নেতা-কর্মী এই বাসায় আসেন। নির্বাচনী আইনে ভোটের ৩২ ঘণ্টা আগে থেকে প্রচার-প্রচারণা বন্ধ থাকায় গতকাল আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ নেতা-কর্মীরাই মূলত তাঁর বাসায় যান।
নাসিরাবাদের বাসায় নেতা-কর্মীদের সঙ্গে আলাপের ফাঁকে প্রচারণায় কেমন সাড়া পেয়েছেন এমন প্রশ্ন করা হয় আ জ ম নাছিরকে। উত্তরে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানিয়ে তিনি বলেন, ‘যেখানেই গেছি মানুষ আমাকে বুকে টেনে নিয়েছে। ইনশা আল্লাহ নগরবাসী ব্যালটের মাধ্যমে তাঁদের ভালোবাসার রায় দেবেন।’
সব ভোটারের কাছে স্বল্প সময়ের মধ্যে যেতে না পারলেও নগরের পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের কাছে ব্যাপক সাড়া পেয়েছেন বলে দাবি করেন নাছির। তাঁর বিশ্বাস পরিবর্তনের জন্য উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার নগরবাসী হাতি মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়ী করবেন।
বেলা সাড়ে তিনটায় দেখা যায়, বাসার নিচতলায় অপেক্ষা করছেন নগরের বিভিন্ন স্থান থেকে আসা নেতা-কর্মীরা। বিকেল সাড়ে চারটার দিকে বাসা থেকে বেরিয়ে আগ্রাবাদে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান আ জ ম নাছির। তাঁর ভাতিজা মিনহাজ হোসাইন জানান, ‘চাচ্চু (নাছির) নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে দিকনির্দেশনা দিয়েছেন।’
নাছিরের স্ত্রী শিরিন আক্তারও ভোট চেয়ে মাঠে নেমেছিলেন। তিনি বলেন, ‘মানুষের কাছে ভোট চাইতে গিয়ে হাতি প্রতীকে ব্যাপক সাড়া পেয়েছি।’ তিনি জানান, নির্বাচন সুষ্ঠু হলে জনগণ যে রায় দেবে, তা মেনে নেবেন। বেলা আড়াইটায় নাছিরের স্ত্রী আন্দরকিল্লার বাসা থেকে নাসিরাবাদের ফ্ল্যাটে আসেন। সেখানে অবস্থান করা নেতা-কর্মী ও স্বজনদের খোঁজখবর নেন। কিছুক্ষণ পর আবার আন্দরকিল্লার বাসায় ফিরে যান তিনি। যাওয়ার আগে জানান, বাসায় খতমে কোরআন ও মিলাদ চলছে। মিলাদ শেষে সবাই দোয়ায় অংশ নেবেন।
আ জ ম নাছির আন্দরকিল্লা ওয়ার্ডের মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।