রংপুরে স্বেচ্ছাশ্রমে বাঁধ
‘মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও’
গ্রাম বাঁচাতে, নিজেদের বসতভিটা বাঁচাতে গ্রামবাসী যাঁর যা কিছু আছে, তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তাঁদের পাশে দাঁড়ানো দরকার।
দেনদরবার আরজি দরখাস্ত অনেক হয়েছে, কাজ হয়নি। শেষ পর্যন্ত যাঁর যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন গ্রামবাসী। লক্ষ্য গ্রাম আর জমি রক্ষায় নদীতে বাঁধ নির্মাণ।
ঘটনাস্থল রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন। সেখানকার বিনবিনাচর গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে ভাঙন প্রতিরোধে এই বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন। তাঁদের হাতে আর কোনো উপায় ছিল না। তাই শেষ চেষ্টায় নেমেছেন দল বেঁধে। কারণ, পাশের লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ গ্রামটির এখন আর কোনো অস্তিত্ব নেই। দফায় দফায় তিস্তার ভাঙনে বিলীন হয়ে গেছে। সেখানকার প্রায় আড়াই হাজার মানুষ এখন বাস্তুভিটা হারিয়ে উদ্বাস্তু।
রংপুরের গঙ্গাচড়ায় গত বছর বিভিন্ন সময় অন্য কয়েকটি গ্রামে ভাঙন হলেও সবচেয়ে ক্ষতির মুখে পড়ে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনাচর গ্রামটি। এখন ওই গ্রামের তিন ভাগের দুই ভাগ নদীতে। মানুষ আশা করেছিল এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এগিয়ে আসবে। কার্যকর একটা ব্যবস্থা ‘দৃশ্যমান’ হবে। তবে হয়নি কিছুই।
পাউবোর কর্মকর্তারা গ্রামবাসী আর স্থানীয় সরকার প্রতিনিধিদের একই ভাঙা রেকর্ড শুনিয়ে দিয়েছেন। বলেছেন, তাড়াহুড়া করে সবকিছু হয় না। ধৈর্য ধরতে হবে। ভাঙনের ঝুঁকিতে থাকা এলাকাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কাজ অনুমোদনের জন্য নথিপত্র ঢাকায় পাঠানো হয়েছে। তা তৃতীয় পক্ষ দেখার পর আদেশ এলে পাউবো নদীভাঙনকবলিত লক্ষ্মীটারী ও কোলকোন্দ ইউনিয়নসহ কাউনিয়া ও পীরগাছা উপজেলায় কাজ করবে। সুযোগ পেয়ে পাউবোর কর্মকর্তা তিস্তা মহাপরিকল্পনার গানও শুনিয়ে দিয়েছেন। বলেছেন, সবুর করেন, তিস্তা মহাপরিকল্পনা শুরু হলে এ অঞ্চলে পরিকল্পিত নদীশাসন হবে। তখন নদীভাঙনের কোনো আশঙ্কা থাকবে না।
কিন্তু নদী তো সরকারি চাকরি করে না! বরং দুই পারের মানুষকে নদীর কথায় উঠতে-বসতে হয়। তাই গ্রামবাসী উঠেপড়ে লেগেছে। নবগঠিত কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে চলছে স্বেচ্ছায় বাঁধ নির্মাণ কার্যক্রম। মনোয়ার হোসেনের হিসাব, ফাল্গুন মাস এসে গেছে। কয়েক মাস পর নদীতে বান ডাকবে, বর্ষাকাল শুরু হবে। এদিকে তিস্তা নদী ভাঙতে ভাঙতে গ্রামের আড়াই শ গজের মধ্যে এসে গেছে। এখন ব্যবস্থা না নিলে বিনবিনাচরের অবশিষ্ট অংশ শংকরদহ গ্রামের মতো বিলীন হয়ে যাবে। সবার আগে যাবে বিনবিনাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।
আসন্ন বর্ষায় নদীভাঙন থেকে রক্ষা পেতে বিনবিনাচরের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে ১ হাজার ফুট বাঁধ নির্মাণ করছেন। গত ১ ফেব্রুয়ারি কাজ শুরু হয়েছে। পরিকল্পনামতো এগোলে এই কাজ চলতি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করে ফেলা যাবে। বাঁধের উচ্চতা হবে ১০ ফুট এবং প্রস্থ হবে ৮০ ফুট। এ ছাড়া বাঁধের দুই পাশ দিয়ে প্রায় ৪০ ফুট বাঁশ পোঁতা হবে। পাশাপাশি লাগানো হবে ইউক্যালিপটাস গাছ। গ্রামবাসী এ কাজে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। সঙ্গে তাঁদের ঝাড়ের বাঁশ আর টাকাপয়সা দিয়ে কাজটি এগিয়ে নিতে বদ্ধপরিকর।
প্রকৌশলবিদ্যায় বলীয়ান না হয়ে কিসের ভিত্তিতে গ্রামবাসী বাঁধের উচ্চতা, প্রস্থ আর ঢাল ঠিক করলেন—এই প্রশ্নের জবাবে তাঁরা নিজেদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের কথা জানিয়েছেন। তাঁরা লক্ষ করেছেন, তিস্তা নদী এক বছরে সর্বোচ্চ ২৫ ফুট পর্যন্ত ভাঙে। ফলে ৮০ ফুট চওড়া বাঁধ করলে আপাতত রক্ষা পাবে বিনবিনাচর। তাঁদের ধারণা, বাঁধটি ঠিকমতো বানাতে পারলে নদীতে বিলীন হওয়া শংকরদহ গ্রাম আবার চাষাবাদ ও বসতের উপযোগী হয়ে উঠবে।
অবশ্য পাশের ইউনিয়ন লক্ষ্মীটারীর চেয়ারম্যান মনে করেন, বিনবিনাচরে স্বেচ্ছাশ্রমে বাঁধ তখনই কাজে দেবে, যখন পানি উন্নয়ন বোর্ড এগিয়ে এসে বিনবিনাচর থেকে ভাটিতে ৬ কিলোমিটার বাঁধ নির্মাণ করবে। আর আসন্ন বর্ষার আগে সেটা করতে হবে। নইলে পানির স্রোতের সরাসরি আঘাতে শংকরদহের মতো হাল হবে বিনবিনাচর, পশ্চিম ইচলি, পূর্ব ইচলি, চরঈশ্বরপুর ও জয়রাম ওঝা গ্রামের। হুমকির মুখে পড়বে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়িসহ বেশ কয়েকটি গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হবে দুই লক্ষাধিক মানুষ।
লোক উদ্যোগকে কি উপেক্ষা করা ঠিক
পাকিস্তান ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি (ওয়াপদা) থেকে জন্ম নেওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাঠামোয় অনেক পরিবর্তন এলেও মানুষের কথা শোনা আর মানুষের কাছে যাওয়ার কোনো ‘দৃশ্যমান’ তরিকা এখনো জনগণের নজরে পড়ে না। উল্লেখিত বাঁধের জন্য আয়োজকেরা স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে ১০ হাজার জিও (জিও টেক্সটাইল) ব্যাগ সহায়তা হিসেবে চেয়েছিলেন। কোনো সাড়া পাওয়া যায়নি। সংবাদকর্মীরা জিও ব্যাগ সহায়তা না দেওয়ার কারণ জানতে চাইলে দায়িত্বে থাকা কর্মকর্তা সাফ জানিয়ে দেন, এটার কোনো সুযোগ নেই।
মানুষের জন্য জমিয়ে রাখা মালপত্র ভাঙন শুরু না হলে গুদাম থেকে বের করার কোনো নিয়ম হয়তো নেই, তাই এই অপারগতা। এ দেশে যেন মানুষ কেবলই প্রজা আর তোয়ালে মোড়া চেয়ারে বসা প্রজাতন্ত্রের কর্মচারীরা সব জমিদার।
ভাঙন রক্ষায় মানুষের পাশে দাঁড়াতে একই গড়িমসি দেখেছি সাতক্ষীরা, খুলনা আর বাগেরহাটের নানা অঞ্চলে বাঁধ ভেঙে যাওয়ার পরও। বিরক্ত আর হতাশ মানুষ একপর্যায়ে গত বছর সাংসদের দলবলকে ঘাটে ফিরতে বাধা দিয়েছিল।
মালামাল দিতে না পারেন, পাশে গিয়ে বুদ্ধি ও পরামর্শ দিতে বাধা কোথায়? বাঁশ, দরমা, কাঠ ইত্যাদি দিয়ে ভাঙন প্রতিরোধক বাঁধ তৈরির কৌশল আমাদের লোকায়ত জ্ঞানের অংশ। প্রকৌশলের পরিভাষায় এটাকে বান্দেল বাঁধ বলে। পানিসম্পদ ব্যবস্থাপনার একাডেমিক কোর্সে বিষয়টি উপমহাদেশের নানা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাঁরা পড়ান, তাঁরা বোধ হয় তেমন একটা আগ্রহ তৈরি করতে পারেননি ছাত্রদের মধ্যে। অপ্রকৌশলীদের প্রকৌশল জ্ঞান যে থাকতে পারে, এটাই আমরা বুঝি না। অথচ তাঁদের তৈরি নৌকায় নদী পার হচ্ছি দিন-রাত।
আর কারা পাশে দাঁড়াতে পারেন
নদী আর নদীতে নেই। নানান দেশের নানান যন্ত্রণায় নদীর চলার পথ, গতি কোনোটাই আর আগের মতো নেই। ফলে চেনা নদীর অচেনা আচরণ প্রতিহত করতে হলে লোকায়ত জ্ঞানকে হালনাগাদ করা প্রয়োজন। নদীর গতিধারা আর ভাঙনের সম্ভাবনা নিয়ে অনেক দিন থেকে খুবই দক্ষতার সঙ্গে কাজ করছে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)। এ পর্যন্ত ভাঙন সম্পর্কে তাঁদের নির্ভুল পূর্বাভাস দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। প্রতিষ্ঠানটি তিস্তাপাড়ের উদ্যোগী মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে পারে, তাঁদের জানিয়ে দিতে পারে আগামী দুই বছরে তাঁদের নদীটা কোন দিকে মোড় নিতে পারে। শুধু এই তথ্যটি তাঁদের উদ্যোগকে সফল করে তুলতে পারে।
দেশের এক কোণে ফেলে রাখা নদী গবেষণা ইনস্টিটিউট বান্দেল বাঁধ নিয়ে অনেক কাজ করছে। ২০১৯-২০ অর্থবছরে নদী গবেষণা ইনস্টিটিউট জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বান্দেল বাঁধের একটা প্রকল্প বাস্তবায়ন করছিল রৌমারী উপজেলার ফুলুয়ারচর এলাকায়। সেই পাইলট প্রজেক্টের অধীনে ব্রহ্মপুত্র নদের বাঁ তীরে ১ হাজার ৭০০ মিটার জুড়ে ‘ব্যাম্বো বান্ডেলিং’ প্রকল্প বাস্তবায়ন করা হয়। ব্যয় হয় মাত্র ৬০ লাখ টাকা। এই টাকা ব্যয়ে ফুলুয়ারচর নামক একটি বিশাল এলাকা ভাঙনের কবল থেকে বেঁচে যায়। সেসব জমিতে আবার শুরু হয় বাদামসহ নানা ফসলের চাষ। ২০২০ সালে সেখানে বাদামের বাম্পার ফলন ছিল চমকে দেওয়ার মতো।
জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় নদী গবেষণা প্রতিষ্ঠানটি ২০১৯ সালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে গড়াই নদের ভাঙন রোধে একই লোকজ প্রযুক্তি ব্যবহার করে দেড় কিলোমিটার এলাকায় নির্মাণ করে বাঁশের বাঁধ। এই বাঁধের ফলে নদীভাঙন কমার সঙ্গে সঙ্গে নদীর নাব্যতাও বাড়ছে। এই প্রকল্পে ব্যয় হয়েছিল মাত্র ৭৫ লাখ টাকা। দেড় হাজার মিটার দৈর্ঘ্যের বাঁধটি গড়াই নদের চারটি অংশে নির্মাণ করা হয়।
আমাদের বিশ্ববিদ্যালয় আর গবেষণা প্রতিষ্ঠানগুলো নিজেদের জানার পরিধি বাড়ানোর জন্য নিজ খরচে এ রকমের উদ্যোগের পাশে দাঁড়াতে পারে। লোকজ জ্ঞানের একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। এটা সাশ্রয়ী এবং কার্যকরী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক এনায়েত চৌধুরী ও এ কে এম সাইফুল ইসলাম এক লেখায় যেমন বলেছেন, ‘তুলনামূলক কম খরচে নির্মিত বাঁশের তৈরি কিছু ভাঙনরোধী কাঠামো থাকে যাদের ‘বান্ডেল’ বলে। এগুলোও মূলত পানির স্রোতের তীব্রতা কমিয়ে এনে নদীভাঙন রোধের কাজে ব্যবহৃত হয়। বান্ডেল ব্যবহার করলে বাঁধের ওপর সরাসরি পানির আঘাত থেকে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে।’ তাঁরা যে উদাহরণ দেন সেটি হলো, রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালকু সাহাবাজ এলাকা কিংবা কুড়িগ্রামের রৌমারী উপজেলার নামাপাড়া গ্রামে নির্মিত বান্ডেল। বাংলাদেশে বান্ডেলের ব্যবহার নিয়ে এখন সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও উল্লেখ করেন এই দুই অধ্যাপক।
এখন কথা হচ্ছে মানুষের এসব উদ্যোগের কথা বিশ্ববিদ্যালয়, নদী গবেষণা প্রতিষ্ঠান, সিইজিআইএস ও জলবায়ু ট্রাস্ট ফান্ড জানবে কীভাবে। মানুষের সঙ্গে যোগাযোগ না থাকার কারণে এই প্রশ্ন আমাদের মাথায় আসে। প্রতিষ্ঠানগুলো যদি একটু ভাবে যে যাঁদের খাজনায় আমাদের বাজনা তাঁদের সঙ্গে যোগাযোগের তরিকা কী, তাহলেই উত্তর মিলবে। না হলে কমিটি হবে, কাজ হবে না।
কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা মনে পড়ছে—
মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও,
মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও,
মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।
তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে,
সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে।
মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও,
এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও,
মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।”
লেখক গবেষক [email protected]