রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাইয়ের পুনর্মিলনী
মানুষ ভালো কথা শুনতে শুনতে ক্লান্ত: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা যত ভালো কথা বলছি, সে তুলনায় ভালো কাজ করছি না। দেশের মানুষ ভালো কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে৷ তারা আর কথা শুনতে চায় না, কাজ দেখতে চায়।’
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চারজন সাবেক শিক্ষার্থীকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন হুমায়ুন কবির, সোহেল আহমেদ চৌধুরী, অধ্যাপক মো. মোহাব্বত খান ও সৈয়দ মমতাজ শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল হক চৌধুরী৷
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের রাজনীতিতে এখন দুটি বিষয় খুব আশঙ্কাজনক। একটি হচ্ছে লাগাম ছাড়া জিহ্বা, আরেকটি হচ্ছে দায়িত্বজ্ঞানহীন রাজনীতি। এই দুটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা বড় ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার দিকে ধাবিত হব। রাজনীতিবিদেরা নিয়ন্ত্রণহীন কথাবার্তা বলছেন। কোন কথার কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে, সেদিকে তাঁদের নজর নেই।’
মন্ত্রী বলেন, ‘আমরা নিজস্ব অর্থায়নে পদ্মার মতো একটি সেতু তৈরি করছি। কিন্তু আমাদের নিজেদের মধ্যকার যে সেতু দরকার, তা তৈরি করতে পারছি না। রাজনীতিবিদদের মধ্যে অভিন্ন ইস্যুতে বিভক্তি রোধে সেতুবন্ধ দরকার। আজকের রাজনীতিতে একই জাতীয় ইস্যুতে বিভিন্ন ভাগে বিভাজিত হয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক বিদ্বেষ দিয়ে রাজনীতিকে বিষাক্ত করা হচ্ছে। দারিদ্র্য আর ধর্মীয় উগ্রবাদ বর্তমানে আমাদের জাতীয় বিপদ।’