মানুষ ভোট দিতে ভুলে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার হরণ করেছে। আগামী দিনে মানুষ ভোট দিতে ভুলে যাবে। ভোটকেন্দ্রে গেলে বলা হয় ভোট দেওয়া হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এই নির্বাচন কমিশনের বিচার করবে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন শাহাদাত হোসেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
চুনতি ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ বলেন, শাহাদাত হোসেনের আগমনকে ঘিরে চুনতি বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে স্লোগান দিচ্ছিলেন কর্মীরা। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা হামলা চালান। হামলাকারীরা নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও মাইক ভাঙচুর করেন। পরে নিরাপত্তার স্বার্থে চুনতি ফরেস্ট গেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো হয়।
অভিযোগের বিষয়ে চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন বলেন, বিএনপির সমর্থকেরা মাইকে উসকানিমূলক বক্তব্য রাখায় এ ঘটনা ঘটে।
চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, ভাঙচুরের পর পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।