মানুষ মঙ্গা ভুলে গেছে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গে কোনো দিন মঙ্গা হয়নি। এ দেশের মানুষ মঙ্গা ভুলে গেছে। রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা যুবলীগের সম্মেলনে এ কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের দুজন প্রভাবশালী রাষ্ট্রপতি ছিলেন। তাঁদের আমলে উত্তরবঙ্গে বছরে দুবার মঙ্গা হতো।
এ অঞ্চলে বাংলাভাই সৃষ্টি করে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছিল মন্তব্য করে আমির হোসেন বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই জঙ্গিবাদ বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। জেলা যুবলীগের সভাপতি আবু সালের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রমুখ। প্রায় এক যুগ পর এবার জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।