মানুষ মানুষের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় চিকিৎ​সা চলছে বৃদ্ধের ছবি l প্রথম আলো
ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় চিকিৎ​সা চলছে বৃদ্ধের ছবি l প্রথম আলো

পরনে ছেঁড়া লুঙ্গি ও ধুলা-ময়লাযুক্ত একটি জ্যাকেট। মাথার নিচে পাটের বস্তা। নিয়মিত খাওয়াদাওয়া না করায় অসুস্থ শরীর। এভাবে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কংশ সেতুর কাছে দুই সপ্তাহ ধরে পড়ে ছিলেন তিনি। বিষয়টি অনেকের মনকে নাড়া দেয়। তাঁরা বিষয়টি প্রশাসনকে জানান। অবশেষে পুলিশের কয়েকজন সদস্য তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
জানা গেছে, ওই ব্যক্তি সিলেটের আঞ্চলিক ভাষায় খানিকটা টেনে টেনে কথা বলেন। এখানে কবে থেকে আছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘কহন আইছি কইতাম ফারুম না।’ নিজের পরিচয় জানেন না তিনি।
ধরমপাশা সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের বাসিন্দা চা বিক্রেতা শামছুল হক বলেন, ‘ওই বুড়া মানুষটারে ১৫ দিন ধইর্যাত এইহানে ফইর্যাক থাকতে দেখতাছি। নিজের পরিবারই ভালা কইর্যার ছলে না। হেইনরে চিকিৎসা করার ইচ্ছা থাকলেও হেই ক্ষমতা আমার নাইগা। এই বয়সে একটা বুড়া মানুষ সড়হে হইর্যার থাকব; এইডা সহ্য করতাম না হাইরা সাংবাদিকরারে খবরডা জানাইছি।’
দুই সপ্তাহ ধরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের কংশ সেতুর খানিকটা উত্তর পাশের সড়কের পূর্ব অংশে একটি গাছের নিচে শুয়ে ছিলেন তিনি। এ খবর জানার পর গতকাল বেলা দেড়টার দিকে ঘটনাটি ভারপ্রাপ্ত ইউএনওকে মুঠোফোনে জানানো হয়। তিনি তাৎক্ষণিকভাবে ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়াকে মুঠোফোনে জানান। পরে পুলিশ ওই দিন বেলা দুইটার দিকে সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
বেলা আড়াইটার দিকে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর ওই বৃদ্ধকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং ওই বৃদ্ধকে সুস্থ করে তুলতে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা বাবদ খরচ বহন করার আশ্বাস দেন।
বিকেল পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডের বারান্দায় রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শামছুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ওই বৃদ্ধকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। কোনো পরিচয় জানা সম্ভব হচ্ছে না। তাঁর সঙ্গে কেউ নেই।৤তাই হাসপাতালের ওয়ার্ডের শয্যা থেকে নিচে পড়ে যেতে পারেন, এই আশঙ্কায় তাঁকে আপাতত বারান্দায় রাখা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত ইউএনও বলেন, ওই বৃদ্ধ দুই সপ্তাহ ধরে সড়কে পড়ে আছেন, ‘এ খবর সাংবাদিকদের মাধ্যমে জানার পর আমি তাঁকে উদ্ধারের জন্য পুলিশকে খবর দিই। তাঁরা আমাকে ঘটনাটি না জানালে ওই বৃদ্ধ হয়তো সেখানে থাকতে থাকতে অসুস্থ হয়ে মারা যেতেন। সাংবাদিকদের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়।’