মানুষ মারার রাজনীতি থেকে সরে আসার আহ্বান
রাজনৈতিক সহিংসতায় গত ২৫ মাসে ৩২৪ জন যাত্রী ও পরিবহন চালক-শ্রমিক নিহত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। সংগঠনটি মানুষ মারার রাজনীতি থেকে অবিলম্বে দুই নেত্রীকে সরে আসার আহ্বান জানিয়েছে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার ‘গণপরিবহন, যাত্রী নিয়ে রাজনীতি ও সহিংসতা প্রতিবেদন ২০১৫’ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন যাত্রীকল্যাণ সমিতির নেতারা।
অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী লিখিত বক্তব্যে জানান, ২০১৫ সালের ৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় গণপরিবহনে ১৮ জন যাত্রী ও ১১ জন পরিবহন চালক-শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ৫৫ হাজার ২১৭ জন যাত্রী। সারা দেশে সড়ক পরিবহন খাতে প্রতিদিন ৩০০ থেকে ৩৬০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
যাত্রীকল্যাণ সমিতি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ধরন পাল্টাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।