
চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে আবারও রাস্তায় নামলেন তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা। শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি ‘মানুষ মেরে, অর্থনীতি ধ্বংস করে রাজনীতি না করতে’ আহ্বান জানিয়েছেন তাঁরা।
রাজনীতিকদের উদ্দেশে ব্যবসায়ীরা বলেছেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিন। এই মুহূর্তে চলমান সংকট নিরসন করুন। শিগগিরই সমস্যার সমাধান না হলে পোশাক ও বস্ত্র খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত পাঁচ কোটি মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।
রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনের সামনে গতকাল বুধবার পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে তিন আয়োজক সংগঠন ছাড়াও তৈরি পোশাক ও বস্ত্র খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনসহ বিভিন্ন চেম্বার ও সমিতির প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচি শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতির সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ ১০ ব্যবসায়িক সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মারকলিপি দেয়। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয় ও পরে গুলশানে বিএনপির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিটিএমএর সভাপতি তপন চৌধুরী বলেন, ‘জাতি হিসেবে আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের অনেক ভাই-বোন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। অনেকেই মারা গেছেন। এটা কোনো রাজনীতি হতে পারে না।’ রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না জাতি, অর্থনীতি মুখ থুবড়ে পড়ে।’
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘দিনের পর দিন অবরোধ দিয়ে দেশকে স্থবির করে দেওয়া হচ্ছে। পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। এতে ক্রেতারা ভীত হয়ে পড়েছেন। ইতিমধ্যে পোশাকশিল্পে ক্রয়াদেশ প্রায় ৩০ শতাংশ কমে গেছে।’ তিনি বলেন, ‘রাজনীতিকদের কাছে আমরা ব্যবসায়ীরা আজ অসহায় ও জিম্মি হয়ে পড়েছি। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ২০১৩ সালের মতো ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হবে। তাঁরা বাংলাদেশে আসতে নিরুৎসাহিত হবেন। শিল্পটি অন্যত্র চলে যাওয়ার আশঙ্কাও আছে।’ আতিকুল ইসলাম রাজনীতিকদের উদ্দেশে বলেন, ‘শিল্পকে বাঁচিয়ে রাজনীতি করুন। চলমান অচলাবস্থার নিরসন করুন। ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন।’
আরও বক্তব্য দেন বিজিএমইএর সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও মোস্তফা গোলাম কুদ্দুস, বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি, এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, বারভিডার সভাপতি হাবিব উল্লাহ, শ্রমিকনেতা সিরাজুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজিএমইএ ভবনের সামনের ফুটপাতে সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ের মিনিট দশেক আগে থেকে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে দাঁড়াতে শুরু করেন। তাঁরা ‘সংঘাত নয়, শান্তি চাই’; ‘রাজনৈতিক সহিংসতার কবলে পড়ে আমরা ধীরে ধীরে মারা যাচ্ছি’; ‘শিল্প ধ্বংসকারীরা জাতীয় শত্রু, এদের কোনো দল নাই’; বাঁচাও দেশ, বাঁচাও আমদানি-রপ্তানি’ ইত্যাদি স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
তিন আয়োজকসহ ২৩টি ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। এ ছাড়া এফবিসিসিআই, ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
২০১৩ সালের ২ ডিসেম্বর রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে রাস্তায় নামেন পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা। সে সময়ও তাঁরা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনকে স্মারকলিপি দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী ও বিএনপির নেত্রীকে স্মারকলিপি: প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে ব্যবসায়ীরা যারা অর্থনীতি ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ছাড়া স্বস্তিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, পোশাকশিল্পের সরবরাহব্যবস্থা অব্যাহত রাখা এবং শিল্প ও জানমালের নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয় স্মারকলিপিতে।
অন্যদিকে বিএনপির চেয়ারপারসনকে দেওয়া স্মারকলিপিতে ব্যবসায়ীরা বলেছেন, ‘আপনি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিলেও বাস্তবে দেখা যাচ্ছে রাস্তায় চলাচলের পরিবেশ নেই। জানমালের নিরাপত্তার অভাব অনুভূত হচ্ছে। সন্ত্রাসীরা নিরীহ মানুষকে পেট্রলবোমা ছুড়ে পুড়িয়ে হত্যা করছে। এটি অবিলম্বে বন্ধ করা না হলে নিশ্চিতভাবেই একটি নেতিবাচক বার্তা সারা বিশ্বে যাবে। ক্রেতারা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে।’