মানুষ মেরে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না: প্রাণিসম্পদমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, হরতালের নাম করে মানুষ মেরে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না। হরতালের নামে মানুষদের জিম্মি করে তারা (জামায়াত-শিবির) সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। এর জবাব আওয়ামী লীগ দেবে।

আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রি কলেজের দ্বিতল একাডেমিক ভবন ও কামারপাড়া আলহাজ সিদ্দিকা শাহজাহান বালিকা উচ্চবিদ্যালয়ের বহুতল একাডেমিক ভবনের উদ্বোধন করেন লতিফ বিশ্বাস। এ উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় নিহত হন ইটভাটা শ্রমিক মাসুদ আলী। এ প্রসঙ্গে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘কী অপরাধ ছিল ইটভাটার শ্রমিক মাসুদের? হরতালের মধ্যে বোনের কাছে টাকা নিতে তাঁর বাড়িতে যাচ্ছিল সে। অটোরিকশায় যাওয়ার পথে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁকে বেদম পিটিয়ে হত্যা করেছে। তাদের উদ্দেশ্যে ছিল যুদ্ধাপরাধীদের বিচার ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সাধারণ মানুষকে হত্যা করা।’ তিনি বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ জামায়াত-শিবিরের অবৈধ সন্ত্রাসের হরতালকে সমর্থন করে না। জনবিচ্ছিন্ন বিএনপি জামায়াতের সঙ্গে আঁতাত করে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার চেষ্টা করছে। অবশ্যই বর্তমান সরকারের আমলে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হবে।
বিরোধীদলীয় নেত্রীকে সংঘাতের রাজনীতি পরিহার করে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ দেন লতিফ বিশ্বাস। তিনি দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করে অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
কামারপাড়ায় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন ও দৌলতপুরের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশানুর বিশ্বাস আলোচনা সভায় সভাপতিত্ব করেন। জনসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুুল হামিদ আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, পৌর চেয়ারম্যান মফিজ উদ্দিন খান লাল, আতাউর রহমান রতন প্রমুখ।
গতকাল জামায়াত-শিবিরের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাতী এলাকায় অটোরিকশায় যাওয়ার সময় জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় নিহত হন মাসুদ আলী। তিনি স্থানীয় ইটভাটায় কাজ করতেন।