‘মানুষ যতই প্রকৃতি ধ্বংস করবে, ততই জীবন বিপন্ন হবে। এ বিষয়টির বাস্তবতা মানুষকে বুঝাতে হবে। আর মানুষ যখন বুঝতে পারবে নিজেদের জন্যই বন রক্ষা করা দরকার, তখন তারা আর বন ধ্বংস করবে না।’গতকাল শনিবার মৌলভীবাজারে প্রাকৃতিক বন ও বন গবেষণাগার লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষায় আয়োজিত মতবিনিময় সভায় পরিবেশ ও বনসচিব মো. মেজবাহ উল আলম এ কথা বলেন।বন বিভাগ, আইপ্যাক ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ। বিশেষ অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, সেন্টার সার্কেলের বন সংরক্ষক জহির হোসেন খন্দকার, জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী, আইপ্যাকের ক্লাস্টার ডিরেক্টর মলয় কুমার সরকার প্রমুখ।