মানুষ যাবে কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে প্রায় প্রতিদিনই নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা প্রকাশ হচ্ছে। এর প্রতিবাদে নারী ও মানবাধিকারকর্মীরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। কিন্তু নির্যাতন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একটার চেয়ে অন্যটার বীভৎসতায় দিশেহারা হয়ে পড়ছে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ।

অন্যদিকে এখন পর্যন্ত সরকার, বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা সভা, সমাবেশে কিছুটা হাহুতাশ করা ছাড়া এসব ঘটনায় খুব একটা সোচ্চার হয়েছে তার কোনো নজির মেলেনি।

নারী সংগঠন ও মানবাধিকার নিয়ে কর্মরত ব্যক্তিরা বলছেন, যত দিন পর্যন্ত সমাজের সবাই নারী ও শিশু নির্যাতনকে অপরাধ হিসেবে না দেখবে এবং নির্যাতনের বিরুদ্ধে রুখে না দাঁড়াবে, তত দিন পর্যন্ত অবস্থার পরিবর্তন ঘটবে না। রাজনৈতিক অঙ্গীকার ও সদিচ্ছার কোনো বিকল্পই নেই।

দিন, মাসের হিসাবে প্রায় দিনই ঘটছে নির্যাতনের ঘটনা। সরকারিভাবে সমন্বিতভাবে নির্যাতনের কোনো পরিসংখ্যান মেলে না। পুলিশ বিভাগ, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নিজস্ব পরিসংখ্যানই ভরসা। বিভিন্ন বেসরকারি সংগঠন নির্যাতনের যে পরিসংখ্যান দিচ্ছে, তা জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি। কেউ ১০টি আবার কেউ ছয়টি অর্থাৎ জাতীয় দৈনিকের সংখ্যার হেরফেরের কারণে এক সংগঠনের সঙ্গে অন্য সংগঠনের পরিসংখ্যান মেলে না। আর নির্যাতনের সব ঘটনা গণমাধ্যমে প্রকাশও হয় না। এরপরও যেটুকু প্রকাশ হচ্ছে, তাতেই সবার দিশেহারা অবস্থা।

দিনাজপুরের পাঁচ বছরের শিশু যেভাবে ধর্ষণের শিকার ও তাকে নির্যাতন করা হয়েছে, এর বীভৎসতা সবকিছুকে হার মানিয়েছে। শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয় ১৮ অক্টোবর। পরদিন তাকে হলুদখেত থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। সে এখন আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত সপ্তাহ এবং চলতি সপ্তাহে রাজধানীর ডেমরা, খিলগাঁও, শান্তিবাগ, ভাটারাসহ বেশ কয়েকটি জায়গায় আড়াই বছর, সাড়ে তিন বছর, চার বছরসহ বিভিন্ন বয়সী শিশু ধর্ষণের শিকার হয়ে ওসিসিতে ভর্তি হওয়ায় উদ্বেগের মাত্রা আরও বেড়েছে।

শুধু আজ বৃহস্পতিবার সারা দিনে প্রথম আলো অনলাইনেই তিনটি খবর প্রকাশ করা হয়েছে নারী নির্যাতনসংক্রান্ত। এক মেডিকেল ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়ানোর অভিযোগে করা মামলায় মমিনুল ইসলাম (৪৮) নামের এক ট্রাফিক পরিদর্শককে আজ কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে সাময়িক বরখাস্ত এ পরিদর্শক চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ছিলেন। গত ১৯ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় তথ্যপ্রযুক্তি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই ছাত্রী মামলা করেন। মামলার পর থেকে উচ্চ আদালত থেকে তিনি জামিনে ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১২ সালে মমিনুল কুষ্টিয়া ট্রাফিক কার্যালয়ে কর্মরত ছিলেন। ওই মেয়েটি তখন কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্রী। তাঁরা পরস্পরের পরিচিত। ২০১২ সালেই কুষ্টিয়া শহরের এক আবাসিক রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে গিয়ে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে মেয়েটির আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন মমিনুল। পরবর্তী সময়ে ওই ছবি ও ভিডিও দেখিয়ে মেয়েটিকে জিম্মি করে ভয়ভীতি দেখাতে থাকেন তিনি। এ বছরের জানুয়ারিতে মেয়েটির বিয়ের পর তাঁর স্বামী, পরিবারের সদস্য ও বন্ধুদের মুঠোফোনে মমিনুল সেগুলো পাঠিয়ে দেন। এ ঘটনার পর মেয়েটির স্বামী তাঁকে তালাকের নোটিশ পাঠান।

আজকের আরেকটি খবর হলো, স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী বাজারের মোবাইল হাউসের স্বত্বাধিকারী শামীম রেজাকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে গাংনী থানার পুলিশ নিজ দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে। কাথুলী এলাকার কয়েকজন বখাটে যুবক ওই ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে। পরে তা শামীমের দোকানের কম্পিউটার থেকে বিভিন্ন ব্যক্তির মোবাইলে ছড়িয়ে দেয়।

আজকের আরেকটি খবর অনুযায়ী, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খালের পাড় থেকে বিল্লাল হোসেনের (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ বলছে, মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে এক তরুণ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

বিল্লাল হোসেনের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে দশম শ্রেণির ছাত্রী। প্রায় দুই বছর ধরে পাশের গ্রামের সুমন মিয়া (২২) তাকে উত্ত্যক্ত করছেন। এ নিয়ে সুমনের অভিভাবকদের কাছে বিল্লাল হোসেন নালিশও করেন। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি। বরং সম্প্রতি তাঁর কাছে বিয়ের প্রস্তাব পাঠায় সুমনের পরিবার। বিয়েতে রাজি না হওয়ায় বিল্লাল হোসেনের ওপর ক্ষিপ্ত ছিলেন সুমন।

শুধু প্রথম আলোতে নারী ও শিশু নির্যাতন বিশেষ করে ধর্ষণ ও যৌন নির্যাতনের যে খবরগুলো প্রকাশিত হয়েছে, তার তালিকা দিয়ে শেষ করা যাবে না। গত ২৭ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটু দূরে বেসরকারি একটি নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রী নোট নিতে প্রতিষ্ঠানের পাশেই এক মেসে এক সহপাঠীর কাছে মেসের আরেক বাসিন্দা ওই প্রতিষ্ঠানেরই এক ছাত্রসহ পাঁচজনে মিলে ওই দুই ছাত্রীকে ধর্ষণ করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ধর্ষণের আগে ওই পাঁচজন দুই ছাত্রীকে বিবস্ত্র করে মুঠোফোনে ছবি ধারণ করেন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। জানাজানি হওয়ার ভয়ে ওই দুই ছাত্রী প্রথমে বিষয়টি গোপনও রাখেন।
গত ২৯ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। তরুণীর পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ। হাসপাতালের ওসিসি সূত্রে জানা গেছে, গত মাসে নির্যাতন ও ধর্ষণের শিকার সর্বোচ্চ ৮১ জন নারী ও শিশু ওসিসিতে ভর্তি হয়। অন্য সময় মাসে এ সংখ্যা ৫০ থেকে ৫৬ থাকে। গত মাসে ধর্ষণের শিকার ২৫টি শিশু ভর্তি হয়।

রিসা, খাদিজাদের ঘটনা এখন পর্যন্ত সবার মনে জ্বল জ্বল করছে। গত ২৪ আগস্ট রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসাকে বখাটে ওবায়দুল হক ছুরিকাঘাত করে। ২৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ১৮ সেপ্টেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলায় স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থী নিতু মণ্ডল বখাটের ছুরিকাঘাতে নিহত হয়। ৩ অক্টোবর সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তারের ওপর হামলার বীভৎস দৃশ্য মুঠোফোনে ধারণ করে কেউ তা সামাজিক মাধ্যমে ছেড়ে দিলে সারা দেশে তোলপাড় শুরু হয়। ২৪ অক্টোবর ঝিনাইদহে ছুরিকাঘাতে গুরুতর জখম হয় স্কুলছাত্রী পূজা মজুমদার। তার মুখে ২৫টি সেলাই দিতে হয়েছে। ১৯ অক্টোবর উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজধানীতে যমজ দুই বোন সানিয়া হাবীব মীম ও আসওয়াদ হাবীব জীমকে পিটিয়ে গুরুতর জখম করেন জীবন করিম ও তাঁর সহযোগীরা। এর আগে নিহত হওয়া তনু, মিতুদের কথা তো আছেই। এভাবে তালিকা দিলে তা শুধু বাড়তেই থাকবে।

নারী ও শিশু নির্যাতনের বিষয়টি অফিস, আদালতসহ বিভিন্ন জায়গায় এখন আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। অভিভাবকেরা তাঁদের সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কর্মজীবীসহ সব ধরনের নারীরা এক ধরনের আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এর পর ভুক্তভোগী হিসেবে গণমাধ্যমে কার নাম যে প্রকাশ পাবে, তা-ই বা কে জানে। বিচারহীনতার সংস্কৃতির পাশাপাশি সরকারি দল ও বিভিন্ন রাজনৈতিক দলের অসম্ভব রকমের নীরবতায় এ আতঙ্ক বেড়েছে বহুগুণে।
নারী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা বলছেন, আজ কুমিল্লা, তো কাল দিনাজপুরে ঘটনা ঘটেই চলছে। তাঁরাই বা কতটি জায়গায় ছুটবেন? আর বিষয়টি নিয়ে প্রতিবাদ করা তো শুধু এ সংগঠনগুলোর কাজ নয়। আন্দোলনের ঘাটতি নিয়েও নিজেদের মধ্যে বোঝাপড়া করছেন আন্দোলনের কর্মীরা।

বর্তমানে নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনায় অন্য সময়ের তুলনায় আসামি দ্রুত গ্রেপ্তারের নজির দেখা গেছে। খাদিজার ঘটনায় ছাত্রলীগ নেতা বখাটে বদরুলকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, তিনি এখন আছেন কারাগারে। দিনাজপুরের পাঁচ বছরের শিশুকে ধর্ষণকারী সাইফুল ইসলামও কারাগারে।

তবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক নিজেই বিচারহীনতার সংস্কৃতির কথা উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করেছেন। গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি ধর্ষণের শিকার শিশুদের দেখে বাইরে এসে গণমাধ্যমকর্মীদের বলেন, অপরাধ করেও শাস্তি নিশ্চিত হচ্ছে না বলেই অপরাধপ্রবণতা বাড়ছে। চোর তো চাইবেই চুরি করতে। তাই বিচার হচ্ছে, সে ধরনের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানই যেখানে এভাবে কথা বলতে বাধ্য হয়েছেন, সেখানে আমরা যারা সাধারণ মানুষ, তাদের আর কীই-বা বলার আছে। সাধারণ মানুষ যাবে কোথায়?