মানুষ রুখে দাঁড়ালে জঙ্গিবাদ স্থান পাবে না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন জাতীয় মহাসড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে শুভেচ্ছা জানান l ছবি: ফোকাস বাংলা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন জাতীয় মহাসড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে শুভেচ্ছা জানান l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ রুখে দাঁড়ালে এ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কোনো স্থান পাবে না। গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনের জাতীয় মহাসড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বোতাম টিপে দুই মহাসড়কের চার লেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে সন্ত্রাস প্রতিরোধে সাহস নিয়ে এগিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণ প্রতিরোধ গড়ে তুললে কিন্তু এটা থামবে। ঠিক যেমনটি মাদারীপুরে হয়েছে। একজন অধ্যাপককে হত্যাচেষ্টা জনগণ ঠেকিয়ে দিয়ে সন্ত্রাসীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। কাজেই এভাবে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, চার লেনে উন্নীত সড়ক দুটি সরকারের পক্ষ থেকে যাত্রীদের জন্য ঈদ উপহার। ব্যয়বহুল ও শ্রমসাধ্য এই কাজের উদ্বোধনী আনুষ্ঠানিকতার মাধ্যমে আরও ২৭৮ কিলোমিটার মহাসড়ক জাতীয় মহাসড়ক নেটওয়ার্কে যুক্ত হলো, যা অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করবে।
শেখ হাসিনা বলেন, ‘সামনেই ঈদ। ঢাকা মহানগরীতে বসবাসকারী অধিকাংশ কর্মজীবী মানুষ ঈদের ছুটিতে যাবেন গ্রামগঞ্জে, নিজ বাড়িতে। মহাসড়ক দুটি চার লেনে উন্নীত করার ফলে এই রুটে যাতায়াতকারী ঘরমুখী মানুষের ভ্রমণ আগের যেকোনো সময়ের তুলনায় নির্বিঘ্ন ও সহজ হবে। এটি নিঃসন্দেহে দেশবাসীর জন্য একটি সুখবর।’ তিনি বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের মহাসড়ক নেটওয়ার্কে চিহ্নিত ১৪৪টি দুর্ঘটনাপ্রবণ স্থানে যানবাহন চলাচল নিরাপদ করতে গতিরোধকসহ নানা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্র এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৬ সালে সরকার ২ হাজার ১৬৮ কোটি টাকা ব্যয়ে দাউদকান্দি টোল প্লাজা থেকে চট্টগ্রাম নগরীর গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়ক সম্প্রসারণে ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক প্রকল্প অনুমোদন করে। অপরদিকে, ময়মনসিংহ থেকে জয়দেবপুর পর্যন্ত ৮৭ কিলোমিটার মহাসড়কের চার লেনে উন্নীতকরণের ফলে ময়মনসিংহ বিভাগ ও গাজীপুর জেলা থেকে কৃষি ও শিল্পজাত পণ্য রাজধানীতে দ্রুত সড়কপথে পরিবহন সহজ হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য হলো, দেশ যখন এগিয়ে যায়, মানুষ যখন খুব আনন্দে উচ্ছ্বসিত হয়, ঠিক সেই সময় জানি না কেন যেন আমাদের ওপর এক একটা আঘাত চলে আসে।’ এ প্রসঙ্গে শুক্রবার রাতে গুলশানের রেস্তোরাঁয় জিম্মি পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জানি আপনারা খুব উদ্বেগে আছেন।’ তিনি বলেন, ‘অল্প বয়সে তারুণ্যের একটা উদ্দীপনা থাকে। কাজেই সে সময় তাদের বিভ্রান্ত করা বা বিপথে নেওয়া অনেক সহজ। বিপথে যেন না যায়, সেটা দেখা সকলেরই দায়িত্ব।’ তিনি বলেন, ‘আমি মনে করি সমগ্র বাংলাদেশে জনমত আরও শক্ত করে তুলে ধরা উচিত। আর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে, এখানে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
জিম্মি পরিস্থিতির সফল সমাপ্তির জন্য সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই হামলাকারীরা কোনো ধর্মই বিশ্বাস করে না। এদের কোনো ধর্ম নেই, সন্ত্রাসই এদের ধর্ম।’
প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘কেন যে এ ধরনের সন্ত্রাসের পথে মানুষ যায়, সেটা আমার বোধগম্য নয়। যেভাবে তারা হত্যাগুলো করেছে, হামলাকারীরা একটা জিঘাংসা-প্রতিহিংসা চরিতার্থ করেছে। একটা মানুষ অপর একটা মানুষের ওপর কী করে এভাবে আক্রমণ করে!’