মানুষ শান্তিতে ঈদও করতে পারছে না: খালেদা

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ ভালো নেই, শান্তিতে নেই। এই সরকারের কারণে মানুষ শান্তিতে ঈদও করতে পারছে না। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে তাঁর দল আন্দোলনে যাবে না।
খালেদা জিয়া বলেন, সরকার প্রতি পদে ব্যর্থ। সরকারি দলের লুটপাট, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে দেশবাসী ভালো নেই। তারা শান্তিমতো ঈদও করতে পারছে না। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে বলেন, ‘সরকারি কোষাগারের টাকা ব্যয় করে সরকার নিজেদের প্রচারণায় ব্যস্ত। যদি নিজেদের জনপ্রিয় মনে করেন, তাহলে নির্দলীয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনমত যাচাই করুন।’
গত কয়েক বছর ধরে লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করলেও, এবারই প্রথম খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে শুভেচ্ছা বিনিময়ের জন্য বেছে নেন।