বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ভোটের ক্ষেত্রে নীরব বিপ্লব ঘটে গেছে। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিষয়টি ঠেকানোর ক্ষমতা সরকারের নেই। তিনি এ-ও বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, সরকার প্রমাণ করে দিয়েছে বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না।বিএনপির এই নেতা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের তুলনা করলে হবে না। আগের সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। পৃথিবীর কোথাও এ ধরনের নির্বাচন করার নজির নেই। এটি সংবিধানসম্মত নয়। তা-ই এ ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে। মওদুদ আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফর নিয়ে প্রশ্ন তুলে বলেন, ব্রিটিশ সরকার দাওয়াত দেয়নি, তার পরও এ সফরকে রাষ্ট্রীয় সফর বলা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলেন, তিনি তাঁর নিজের খরচে সফরে গিয়েছেন তাহলে আর বলার কিছু নেই। এ সময় মওদুদ বলেন, এসব কথা বললে সরকার আবার মামলা দিয়ে দিতে পারে।‘জাতীয় সংসদ চত্বরে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর চালানো নির্যাতন দিবস এবং প্রশ্নবিদ্ধ আগামী জাতীয় নির্বাচন ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক উন্মুক্ত পরিষদ নামে একটি সংগঠন। এতে অন্যদের মধ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনও বক্তৃতা করেন।