মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে: কাদের

ঈদে ঘরমুখী মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর প্রত্যাশা, তারা আবার স্বস্তিতে কর্মস্থলে ফিরে আসবে।
আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় মহাসড়কে যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ঈদযাত্রা নিয়ে মন্ত্রী বলেন, ‘বৃষ্টিবাদল হলে একটু ভোগান্তি বাড়ত। তবে আমার মনে হয়, গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত আট বছরে আট মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি। এত বড় একটি দল আন্দোলন করতে পারেনি। আন্দোলনের ব্যর্থতার জন্য বিএনপির টপ টু বটম সব নেতাকে পদত্যাগ করা উচিত।
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, বিআরটি প্রকল্পের পরিচালক মো. সানাউল হক, সওজের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজা প্রমুখ।