মানুষ হত্যাকারীদের সংলাপে উদ্বুদ্ধ করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘যাঁরা হরতালের নামে মানুষ খুন করে, সংলাপ বা আলোচনার জন্য তাঁদের উদ্বুদ্ধ করতে পারি না।’ আজ শনিবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছ উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতামূলক কাজে উসকানি দিতে ১৮ দলের পক্ষ থেকে হরতাল ডাকা হয়েছে। তিনি বলেন, তথাকথিত হরতালের নামে চোরাগোপ্তা হামলায় যে ১৮ জন লোক মারা গেছেন, তাঁদের দায় বিরোধী দলকে নিতে হবে। এ সময় হত্যা ও বিশৃঙ্খলার দায়ে ১৮ দলের জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হরতালে পুলিশের নীরব ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর কোনো সত্যতা নেই। আমরা সব সহিংসতার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছি এবং যারা এ সহিংসতার সঙ্গে সম্পৃক্ত তাদের গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহীদ প্রমুখ।