মানুষ হত্যার অধিকার তাঁকে কে দিয়েছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মানুষ পুড়িয়ে মারছেন। তাঁর এই নৃশংস কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধে সোচ্চার হতে নারী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
গতকাল রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী ওই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘বিএনপির চেয়ারপারসন তাঁর রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থের জন্য হরতাল-অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন। আমার প্রশ্ন হচ্ছে—পেট্রল ঢেলে, ককটেল মেরে দেশের মানুষকে হত্যার অধিকার তাঁকে কে দিয়েছে?’ খবর বাসসের।
প্রধানমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া দাবি করেন যে তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু পরিতাপের বিষয় যে একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা কীভাবে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারেন? রাজনীতি হচ্ছে মানুষের জন্য ও তাদের কল্যাণের জন্য—রাজনীতি মানুষ পুড়িয়ে হত্যার জন্য নয়।
এ ধরনের নৃশংসতার প্রতিবাদ ও প্রতিরোধে নারী সমাজসহ দেশের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এটা কোনোভাবেই সহ্য করা যায় না। খালেদা জিয়াকে তাঁর নির্মম ও নৃশংস কর্মকাণ্ডের জন্য শাস্তি পেতেই হবে।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘নারীর ক্ষমতায়ন: নারীর উন্নয়ন’। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ আর্জেন্টিনা মেতাভেল পিককিন অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে দেশের নারী সমাজের সার্বিক উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
নারীবিরোধী প্রচারণা বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী এ লক্ষ্যে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, একটি মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীবিদ্বেষী অপপ্রচার করে নারীদের গৃহবন্দী রাখতে চায়।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের নারী উন্নয়নমুখী নীতির কারণে এখন প্রধানমন্ত্রী, স্পিকার, জাতীয় সংসদের উপনেতা, বিরোধীদলীয় নেতা, অনেক বিচারক, সচিব ও উপাচার্য হচ্ছেন নারী। তাঁর সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি সংরক্ষিত আসন সৃষ্টির মাধ্যমে পল্লি অঞ্চলে নারী নেতৃত্ব বিকাশে ফলপ্রসূ কর্মসূচি নিয়েছে। এ ছাড়া জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়নসহ নারী সমাজের উন্নয়নে বিগত ছয় বছরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
বাংলাদেশের সাউথ-সাউথ পুরস্কার ও নারী স্বাক্ষরতায় ইউনেস্কো ‘শান্তি বৃক্ষ’ পুরস্কারসহ অনেক পুরস্কার অর্জনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘসহ অনেক দেশ ও সংস্থা নারী সমাজের উন্নয়নে বাংলাদেশের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে।