মানুষ হত্যার জন্য রাজাকার বাহিনী হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী দাবি করেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজাকার বাহিনী গঠন করা হয়েছিল। মানুষ হত্যা করার জন্য রাজাকার বাহিনী গঠন করা হয়নি।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম এ দাবি করেন।
ইতিমধ্যে দুটি ট্রাই-ব্যুনালের দেওয়া বেশির ভাগ রায়ে একাত্তরে রাজাকার বাহিনীকে পাকিস্তানি সেনাদের ‘সহযোগী বাহিনী’ উল্লেখ করা হয়েছে। এসব রায়ে বলা হয়েছে, রাজাকার, আলবদর, আলশামস প্রভৃতি বাহিনী পাকিস্তানি সেনাদের সহযোগী হিসেবে মুক্তিযুদ্ধকালে নৃশংস মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় অংশ নেয়।
নিজামীর বিরুদ্ধে আনা চারটি অভিযোগের বিষয়ে গতকাল যুক্তি উপস্থাপন করেন তাজুল ইসলাম। এগুলোতে নিজামীর বিরুদ্ধে রাজাকার ও তরুণদের প্রতি মানবতাবিরোধী অপরাধ সংঘটনে উসকানির অভিযোগ রয়েছে। তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষের আনা উসকানির অভিযোগগুলো অস্পষ্ট ও ভিত্তিহীন। নিজামী কিসে উসকানি দিয়েছেন? হত্যা, দেশান্তরে বাধ্য করায়, নির্যাতন—কোন অপরাধে উসকানি দিয়েছেন? এ প্রশ্নের জবাব রাষ্ট্রপক্ষের অভিযোগে অনুপস্থিত। এসব অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি, শুধু চারটি দালিলিক নথির ওপর নির্ভর করেছে।
আসামিপক্ষের এই আইনজীবী দাবি করেন, আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধে উসকানি কোনো অপরাধ নয়। তবে গণহত্যায় উসকানি আন্তর্জাতিক আইন অনুসারে অপরাধ। রাষ্ট্রপক্ষ যদি প্রমাণ করতে পারে, নিজামী উসকানি দেওয়ায় গণহত্যা সংঘটিত হয়েছে কেবল তখনই অপরাধ হবে। গণহত্যা হতে হলে চারটি বিশেষ গোষ্ঠীর ওপর আক্রমণ হতে হবে—ধর্মীয়, জাতিগত, নৃ ও সাম্প্রদায়িক গোষ্ঠী। রাষ্ট্রপক্ষের দাখিল করা ওই নথিগুলোতে এ ধরনের বিশেষ কোনো গোষ্ঠীর কথা উল্লেখ করা নেই।

জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলার রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, প্রচলিত আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা সংঘটনে প্রত্যক্ষ ও প্রকাশ্য উসকানি প্রতিষ্ঠিত অপরাধ। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে উসকানির দায়ে গোলাম আযমকে কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল নিজামীর পক্ষে আরও যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আরেক আইনজীবী মিজানুল ইসলাম।

১৩ নভেম্বর নিজামীর বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম শেষ ঘোষণা করে ট্রাইব্যুনাল রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। তবে আসামিপক্ষ এই আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলে গত রোববার ট্রাইব্যুনাল তাঁদের আবার যুক্তি উপস্থাপনের সুযোগ দেন। এর আগে আসামিপক্ষ একদিন আংশিক যুক্তি উপস্থাপন করেছিল। আজ মঙ্গলবার আসামিপক্ষের আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের কথা রয়েছে।