মানুষ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন হলে আওয়ামী লীগই জয়ী হবে এবং শেখ হাসিনাই সরকার গঠন করবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বাংলার মানুষই তাঁকে (শেখ হাসিনা) ভোট দিয়ে নির্বাচিত করবে।

আজ শুক্রবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ ময়েজউদ্দিনের ৩১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালে দেশে আবারও নির্বাচন হলে অন্য কারও অধীনে নয়, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। কারণ শেখ হাসিনার সরকার বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে। নারীর ক্ষমতায়ন হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ময়েজউদ্দিনের রক্তে ভেজা কালীগঞ্জেও আওয়ামী লীগ বিজয়ী হবে। এখানে শহীদ ময়েজউদ্দিনের নামে নার্সিং ইনস্টিটিউট করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ১৯৭১ সালে শহীদ ময়েজউদ্দিন এই বাংলার জন্য মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করেছেন।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা ধরে রাখতে পারিনি, বাঙালি হিসেবে এটা আমাদের ব্যর্থতা। কিন্তু তাঁরই কন্যা শেখ হাসিনা সোনার বাংলার হাল ধরেছেন। তাঁর সর্বস্ব মেধা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন। আর তারই ফল হিসেবে তিনি বারবার পুরস্কৃত হচ্ছেন।’
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান প্রমুখ।