
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, সংস্কৃতির মূলমন্ত্র হলো মানুষ হয়ে ওঠা। আর উদীচী বাংলাদেশে সেই সংস্কৃতির চর্চা করে যাচ্ছে।
আজ শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর সংসদের একাদশ সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন।
সুলতানা কামাল বলেন, উদীচী এমন একটি সংগঠন, যে সংগঠন ৪৮ বছর ধরে মনুষ্যত্ব জাগরণের আন্দোলন করে আসছে। তাই বাংলাদেশের ইতিহাস আর উদীচীর ইতিহাস একই রকম। তিনি বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অসাম্প্রদায়িক চেতনাকে বিনাশ করে সাম্প্রদায়িক আদর্শ প্রোথিত করা হয় এবং সেই চর্চার বিকাশ ঘটে। পরে দেশ পরিচালনায় আসা মুক্তিযুদ্ধের সরকার বলে দাবিদার সরকারগুলো যতই দাবি করুক না কেন, মনে রাখতে হবে আমরাও মুক্তিযুদ্ধের চেতনার ধারক। দুঃখজনক হলেও সত্য যে মুক্তিযুদ্ধের সরকার বলে দাবিদার বর্তমান সরকারের আমলেই নাসিরনগর, গোবিন্দগঞ্জের মতো সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। তনু হত্যার বিচার হচ্ছে না।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে উদীচী কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য রেজাউল করিম সিদ্দিক বলেন, ‘করপোরেট বেনিয়া সংস্কৃতির প্রভাবে আমাদের মূল সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। কারণ, নবান্ন উৎসবসহ দেশে বিভিন্ন বড় বড় সাংস্কৃতিক আয়োজন বিভিন্ন বহুজাতিক কোম্পানির অর্থে পরিচালিত হচ্ছে; যা কখনই কাম্য হতে পারে না। আমাদের উচিত নিজস্ব ধারায় সংস্কৃতির চর্চা করা।’
উদীচীর দিনাজপুর জেলা সংসদের সভাপতি আসাদুল্লাহ্ সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম এবং উদীচী কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নবরূপীর সাধারণ সম্পাদক শাহজাহান শাহ্, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জিনাত আরা চৌধুরী, মহিলা পরিষদের জেলা সভাপতি কানিজ রহমান, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি মো. রবিউল আউয়াল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী প্রমুখ।