এক নেত্রী ট্রাম্পকার্ড এবং আরেক নেত্রী খেলা দেখানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু দেশের মানুষ ট্রাম্পকার্ড আর খেলা দেখানো থেকে মুক্তি চায়। গতকাল শুক্রবার চট্টগ্রামে প্রীতিলতা ওয়াদ্দেদার ও বেগম সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন।নগরের ডিসি হিল প্রাঙ্গণে বিকেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদজায়া মুশতারী শফির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, রাজনীতিবিদ ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বাসদের বর্ধিত ফোরাম সদস্য রাজেকুজ্জামান রতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন প্রমুখ।সুলতানা কামাল তাঁর বক্তব্যে বলেন, ‘প্রীতিলতা প্রমাণ করেছিলেন, কেবল বায়ান্ন থেকে আমাদের সংগ্রাম শুরু হয়নি। স্বাধীনতা মানে কেবল ভৌগোলিক স্বাধীনতা নয়, বরং মানুষকে বাঁচতে হবে মানুষের মতো।’তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনীতি করতেই হবে। রাজনীতি মানে নির্বাচনী চাতুর্য নয়। বড় বড় দলের নেতাদের পেছনে ঘুরে নিজের জন্য আর্থিক লাভের কিছু করাও নয়। আপনারা বড় দলের লেজুড়বৃত্তি ছেড়ে দেন। দেশকে এগিয়ে নেওয়ার কাজে এগিয়ে আসুন।’মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের নারীরা এখন প্রীতিলতার মতো আত্মাহুতির কথা ভাবেন না। ভাবেন, শেখ হাসিনা-খালেদার কত কাছে যাওয়া যায়। তিনি বলেন, প্রীতিলতার প্রত্যয় এবং সুফিয়া কামালের ভালোবাসার সম্মিলন ঘটিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।সবশেষে প্রীতিলতার ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।