সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় সরকারের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আবদুল হক কলেজ প্রাঙ্গণে গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের উন্নত সেবা নিশ্চিত করতে আপনাদের (জনপ্রতিনিধি) অবশ্যই আন্তরিকভাবে এবং সততার সঙ্গে কাজ করতে হবে। আপনারা তাদের সঙ্গে প্রতারণা করতে পারেন না।’ তিনি বলেন, অনেক নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন, যাঁরা সাধারণ মানুষের সঙ্গে জমিদারের মতো মনোভাব দেখান।
মো. আবদুল হামিদ বলেন, অনেক স্থানীয় সরকার প্রতিনিধি ভোট আদায়ের লক্ষ্যে ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, অথচ নির্বাচিত হওয়ার পরক্ষণেই তাঁদের মনোভাব বদলে যায়। এটা উচিত নয়। জনপ্রতিনিধিদের নির্বাচনের পরও একই থাকা উচিত। তিনি বলেন, ‘সাধারণ মানুষকেও তাদের নেতা নির্বাচনে অবশ্যই সচেতন থাকতে হবে। আমি বিশ্বাস করি, এটা হলেই তা দেশকে এগিয়ে যেতে সাহায্য করবে।’
নিজের শৈশবের স্মৃতিচারণা করে রাষ্ট্রপতি বলেন, যদিও তিনি বঙ্গভবনে বসবাস করেন, তবু তাঁর মন সব সময় হাওর অঞ্চলেই পড়ে থাকে, যেখানে তিনি বেড়ে উঠেছেন। তিনি সব সময়ই এই এলাকার জনগণের কথা ভাবেন।
হাওর অঞ্চলের লোকদের প্রতি সন্তানদের শিক্ষিত করে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘এটা প্রতিযোগিতার যুগ, আপনাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলুন, যাতে তা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় তাদের সহায়ক হয়। এতে হাওরের উন্নয়ন হবে।’
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক, সাংসদ আফজাল হোসেন, সাংসদ সোহরাব হোসেন ও কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইনে তমিজা খাতুন সরকারি বালিকা বিদ্যালয়ের একটি নতুন ভবন উদ্বোধন করেন। তিনি ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামো, একটি মার্কেট ও বিভিন্ন উন্নয়নকাজের স্থানও পরিদর্শন করেন।