মানুষকে প্রলুব্ধ করে কিছু চক্রান্তকারী মানব পাচার করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমাদের দেশ আগের মতো নেই। এখন রিকশাচালকেরাও দিনে সাত-আট শত টাকা আয় করেন। এ দেশের মানুষ কেন এত কষ্ট করে বিদেশ যাবেন? মানুষকে প্রলুব্ধ করে, নানা ফন্দিফিকির করে কিছু চক্রান্তকারী মানব পাচার করছে।’
গতকাল শনিবার কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানব পাচারকারীর সংখ্যা খুব কম। তাদের চিহ্নিত করা হচ্ছে। মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, জলদস্যুদের গ্রেপ্তারে শিগগিরই র্যা ব ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
মহেশখালীর কালারমার ছড়া ও মাতারবাড়ির অস্থায়ী পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার ঘোষণা দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাংসদ আশেকুল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোছাইন।
মানব পাচার বন্ধে সাঁড়াশি অভিযান চলছে: নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জানান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, সমুদ্রপথে মানব পাচার বন্ধে দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।
গতকাল কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে মাদক ও মানব পাচারবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশের মহাপরিদর্শক বলেন, মাদক ও মানব পাচারে জড়িত ব্যক্তিরা যত শক্তিশালী হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ও মানব পাচারের মতো জঘন্য অপরাধের সঙ্গে পুলিশের কারো সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।