মানুষকে প্রয়োজনীয় করে তোলে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া নিয়ে শিশুদের অহেতুক প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। পাঠ্যবইয়ের বাইরে তাদের আর কোনো জীবন নেই। শুধু পাঠ্যবইয়ের মধ্যে গুঁজে থাকলে জীবনে সফল হওয়া সম্ভব নয়। পাঠ্যবইয়ের বাইরেও শিশুর পাঠ্যাভ্যাস গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, বই মানুষকে জ্ঞানী ও প্রয়োজনীয় করে তোলে।
গতকাল বুধবার চট্টগ্রাম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। নগরের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে আট দিনের এ বইমেলার আয়োজক জাতীয় গ্রন্থকেন্দ্র। চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ বইমেলার সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বক্তব্য দেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুরুর রহমান, কবি-সাংবাদিক আবুল মোমেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান।
সংস্কৃতিমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘শিশু যদি পড়তে না চায়, তাহলে তাকে গল্প পড়ে শোনান, কবিতা পড়ে শোনান, শুনতে শুনতে সে একদিন নিজেই পড়তে শুরু করবে। অভ্যাসটা করিয়ে দিতে হবে। সরকার সবকিছু করে দেবে না। আমরা যারা অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিক, তারা কি পাড়ায় পাড়ায় লাইব্রেরি করতে পারি না? আমরা চাইলেই পারি। আমাদের সন্তানদের ভবিষ্যৎটা যাতে সুন্দর হয়, সে চেষ্টাটা আমাদেরই করতে হবে।’
আসাদুজ্জামান নূর বলেন, শিশুদের উদার ও উন্মুক্ত মানসিকতায় গড়ে তুলতে তাদের সব ধরনের বই পড়ানোর অভ্যাস করতে হবে।
অনুষ্ঠানে কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হচ্ছে, একটি শিশুকে জন্ম নেওয়ার পর সবকিছু শিখে শিখে মানুষ হয়ে উঠতে হয়। মানুষ হয়ে ওঠার প্রধান অবলম্বনগুলোর একটি হচ্ছে বই। সত্যিকারের শিক্ষিত ও জ্ঞানী হয়ে ওঠার জন্য সব ধরনের বই নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই পড়ার অভ্যাস হারিয়ে গেলে সমাজকে তা সাংস্কৃতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।
উদ্বোধন শেষে মন্ত্রী বইয়ের কয়েকটি স্টল ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
আয়োজকেরা জানান, ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত বইমেলা চলবে। তবে সরকারি ছুটির দিন মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। মেলায় ৪১টি প্রকাশনা সংস্থার ৪৫টি স্টল রয়েছে।